নারীর ক্ষমতায়ন ও অধিকার প্রতিষ্ঠায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেছেন, নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের নামে ‘ফ্যামিলি কার্ড’ ইস্যুর উদ্যোগ নিয়েছেন। এর মাধ্যমে নারীরা পারিবারিক ব্যয় নির্বাহের পাশাপাশি সন্তানদের লেখাপড়া, ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ এবং বাড়ির আঙিনায় কৃষিকাজেও ভূমিকা রাখতে পারবেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে মন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূতজ্যাঁ-মার্ক সেরে-শার্লের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে মন্ত্রী এসব কথা বলেন। সাক্ষাতে নারী ও শিশু বিষয়ক সচিব ড. রওশন আরা বেগম উপস্থিত ছিলেন।
ফ্রান্সের রাষ্ট্রদূত ফ্যামিলি কার্ড কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে মন্ত্রী বলেন, এটি একটি সর্বজনীন সামাজিক নিরাপত্তা কর্মসূচি। এ কর্মসূচির আওতায় বর্তমানে দেশব্যাপী তথ্য সংগ্রহের কাজ চলছে। প্রতি পাঁচ সদস্যের পরিবারের বয়োজ্যেষ্ঠ নারীর নামে এ কার্ড ইস্যু করা হবে।
মন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীদের আর্থিক সক্ষমতা বাড়বে। তাঁরা সংসারের খরচ মেটানোর পাশাপাশি সন্তানদের শিক্ষার ব্যয় বহন এবং ক্ষুদ্র উদ্যোগ গ্রহণের সুযোগ পাবেন। এর ফলে নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ আরও বাড়বে।
বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন মন্ত্রী। তিনি জানান, তাঁদের জীবনমান উন্নয়নে বিভিন্ন ভাতার আওতা বাড়ানো হচ্ছে। পাশাপাশি নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সরকারি-বেসরকারি বিভিন্ন ভবনে র্যাম্প স্থাপন এবং তাঁদের উপযোগী ওয়াশরুম নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার, বিনিয়োগ, নারীর ক্ষমতায়ন, নারী অধিকার সুরক্ষা এবং নারী ও শিশুর টেকসই উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
মন্ত্রী বলেন, ফ্রান্স বাংলাদেশের নির্ভরযোগ্য ও বন্ধুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময়ে ফ্রান্স সরকার উন্নয়ন সহযোগিতা ও সমর্থন দিয়ে আসছে। এ জন্য তিনি দেশটির সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় ফ্রান্সের রাষ্ট্রদূত বাংলাদেশে নারীর ক্ষমতায়ন, জেন্ডার সমতা প্রতিষ্ঠা এবং সুবিধাবঞ্চিত শিশুদের সুরক্ষায় সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ ও সমাজকল্যাণমূলক কার্যক্রমের প্রশংসা করেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রদূত আগামী ২৫ নভেম্বর ঢাকার ফরাসি দূতাবাসে অনুষ্ঠেয় ‘ফেমিনিস্ট ফরেন পলিসি প্লাস (এফএফপি প্লাস) লোকাল গ্রুপ’-এর আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য মন্ত্রীকে আমন্ত্রণ জানান।
ফরাসি উন্নয়ন সংস্থা (এএফডি) আয়োজিত এ উদ্যোগে লৈঙ্গিক সমতা ও নারীর অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কানাডা, ফ্রান্স, জার্মানি, মরক্কো, নেপাল, স্পেন ও যুক্তরাজ্যসহ কয়েকটি দেশ যুক্ত রয়েছে।