প্রকাশ: রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ২:৫৮ পিএম (ভিজিট : ৮)

সংগৃহীত ছবি
নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি বলেছেন, চতুর্থ শিল্পবিপ্লব ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ মানবসম্পদ তৈরিতে নিরলসভাবে কাজ করছে সরকার। এ লক্ষ্যে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকেও সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
রোববার (০৮ নভেম্বর) রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) আয়োজিত 'আইডিইবি'র ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস' উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, আধুনিক ও সমৃদ্ধ দেশ গড়তে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। সব উন্নয়ন ও জাতীয় অগ্রযাত্রার কেন্দ্রে থাকতে হবে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। তিনি বলেন, "আমরা নিজেদের মধ্যে কোনো ধরনের অনৈক্য বা বিভেদ সৃষ্টি করতে চাই না, কাউকে সেই সুযোগও দিতে চাই না। সবাইকে সঙ্গে নিয়েই একটি বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক ও মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার।"
প্রকৌশলীদের উদ্দেশে মন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ডিপ্লোমা প্রকৌশলীদের পদমর্যাদা উন্নীত করে 'উপ-সহকারী প্রকৌশলী' হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন। পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাঁদের দ্বিতীয় শ্রেণিতে অন্তর্ভুক্ত করেন।
তিনি আরও বলেন, বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে দক্ষ জনশক্তির কোনো বিকল্প নেই। প্রকৌশলীদের জন্য যুগোপযোগী ও মানসম্মত প্রশিক্ষণ নিশ্চিত করার পাশাপাশি এ ধরনের কারিগরি প্রশিক্ষণ শুধু ঢাকায় সীমাবদ্ধ না রেখে দ্রুত বিভাগীয় ও জেলা পর্যায়ে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। মন্ত্রী বলেন, তৃণমূল পর্যায় পর্যন্ত আধুনিক প্রশিক্ষণের সুযোগ সম্প্রসারিত হলে সামগ্রিকভাবে দক্ষ জনশক্তি গড়ে উঠবে, যার সুফল পাবে প্রতিটি পরিবার তথা পুরো দেশ। এ লক্ষ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় নীতিগত ও প্রাতিষ্ঠানিক সহায়তা অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকৌশলী মো. কবীর হোসেন। শুভেচ্ছা বক্তব্য দেন প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে আইডিইবির কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ, আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিবর্গ, সংশ্লিষ্ট প্রকৌশল দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ডিপ্লোমা প্রকৌশলী ও ছাত্র সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।