প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি প্রত্যাহারে নাহিদ ইসলামকে আইনি নোটিশ

ডেল্টা টাইমস ডেস্ক:

রাজনীতি

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে দেওয়া একটি বক্তব্য প্রত্যাহারের জন্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ

2026-11-05T16:41:53+06:00
2026-11-05T16:41:53+06:00
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি প্রত্যাহারে নাহিদ ইসলামকে আইনি নোটিশ
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৪:৪১ পিএম   (ভিজিট : ০)
প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম

প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে দেওয়া একটি বক্তব্য প্রত্যাহারের জন্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে ১০ দিনের মধ্যে বক্তব্য বক্তব্য প্রত্যাহার না করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. হাবিবুর রহমান নাহিদ ইসলামের উদ্দেশে এ আইনি নোটিশ পাঠান।


গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, গত শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এনসিপি আয়োজিত গণবিক্ষোভ সমাবেশে সমাপনী বক্তব্য দেন নাহিদ ইসলাম। সেখানে তিনি বলেন, ‘আমরা এক স্বৈরাচারকে বিদায় করে এখন নতুন স্বৈরাচারের উত্থান দেখছি। কিন্তু জনগণের সামনে আমাদের প্রতিশ্রুতি, পতিত স্বৈরাচার এবং এই নব্য স্বৈরাচার— এই দুই স্বৈরাচারকেই আমরা পরাজিত করব।’

বক্তব্যে বিএনপি সরকার ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সমালোচনা করে তিনি আরও বলেন, ‘বিএনপি সরকার ও প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশ পরিচালনার কোনো পরিকল্পনা নেই। কীভাবে দেশে দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি, সন্ত্রাস ও দখলদারত্ব কায়েম করা হবে, সেই পরিকল্পনা নিয়ে তারেক রহমান লন্ডন থেকে ঢাকায় এসেছেন।’

এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে পাঠানো আইনি নোটিশে বলা হয়েছে, গত ৩০ অক্টোবর চ্যানেল ওয়ান ও চ্যানেল আইয়ে সন্ধ্যার পর প্রচারিত নাহিদ ইসলামের বক্তব্য আইনজীবীর দৃষ্টিগোচর হয়েছে। বক্তব্যটি তাকে বিব্রত, ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ করেছে বলেও নোটিশে উল্লেখ করা হয়।

নোটিশে আরও বলা হয়, রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি ঈর্ষান্বিত হয়ে অবাস্তব ও কাল্পনিক মন্তব্যের মাধ্যমে নাহিদ ইসলাম নিজেকে অপরিপক্ব রাজনৈতিক ব্যক্তিত্ব ও প্রজ্ঞাহীন ব্যক্তি হিসেবে উপস্থাপন করেছেন। এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলের চিফ হুইপের মতো গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তির কাছ থেকে এমন অগ্রহণযোগ্য ও রাজনৈতিক অসংলগ্ন বক্তব্য জাতি প্রত্যাশা করে না বলেও উল্লেখ করেছেন এই আইনজীবী।


এ ছাড়া এ ধরনের বক্তব্যের জন্য জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে নোটিশে। নোটিশ পাওয়ার ১০ দিনের মধ্যে বক্তব্য প্রত্যাহার করে লিখিত জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় ফৌজদারি কার্যবিধি অনুযায়ী নাহিদ ইসলামের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।








  এই ক্যাটেগরির আরো সংবাদ