প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১০:৩৫ এএম (ভিজিট : ৮)

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন/ফাইল ছবি
জামায়াতে ইসলামীর ঢাকা থেকে খুলনাগামী লংমার্চে গোপালগঞ্জে পথসভা না করার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।
তিনি প্রশ্ন করেছেন, আজকে গোপালগঞ্জ দখলের একটা নকশা রেডি করে লংমার্চ টু গোপালগঞ্জ করা যেতো না? শনিবার (৩১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা লেখেন।
পোস্টে তিনি লেখেন, ‘জামায়াতে ইসলামী ঢাকা থেকে লংমার্চ করে খুলনা যাচ্ছে, পথিমধ্যে সব জেলায় পথসভা করবে, শুধুমাত্র গোপালগঞ্জে করবে না! এই বিষয়টি নিয়ে তারা আবার প্রেস ব্রিফিং করে ঘোষণাও দিয়েছে। একটা দল রাজনৈতিকভাবে কতটা অপরিপক্ক হলে এসব বিষয়ে প্রেস ব্রিফিং করতে পারে!’‘অথচ তারা প্রায়ই বক্তব্যে বলে, আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না! কিন্তু গোপালগঞ্জবাসীর ভয়ে জামায়াতে ইসলামী গোপালগঞ্জে কোনো পথসভা করবে না! এই হলো তাদের ঈমান, এই হলো তাদের সাহস।’
রাশেদ খাঁন লেখেন, ‘ঠিক এই ঈমান ও সাহস নিয়ে সাদিক কায়েমরা নাকি গণভবন দখলের নকশা রেডি করে ফেলেছিলো! আজকে গোপালগঞ্জ দখলের একটা নকশা রেডি করে লংমার্চ টু গোপালগঞ্জ করা যেতো না?’
‘না! জামায়াত জোট কোনো ঝামেলায় জড়াতে চায় না, ঝুঁকিও নিতে রাজি না! তারা বিরোধীদল হবে, কিন্তু গোপালগঞ্জে পথসভা করলে সেটা নাকি উস্কানি হয়ে যাবে, এজন্য লংমার্চ সফলের বিষয়ে মিয়া গোলাম পরওয়ার গোপালগঞ্জবাসীর দোয়া চেয়েছেন!’
পোস্টে তিনি লেখেন, ‘কিন্তু জনগণ জামায়াতের কাছ থেকে একটা ফাইট দেখতে চেয়েছিলো! জামায়াত যদি গোপালগঞ্জ অভিমুখে লংমার্চ নিয়ে গিয়ে গোপালগঞ্জকে স্বাধীন ঘোষণা করার দুঃসাহস দেখাতো, সেক্ষেত্রে না হয় জনগণ বিশ্বাস করতো যে, সাদিক কায়েমরা সত্যিই গণভবন দখলের নকশা রেডি করে ফেলেছিলো!’
ডেল্টা টাইমস/সিআর/এমই