দেশে ফিরল সৌদিতে নিহত ৭ বাংলাদেশির মরদেহ
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৯:৫৮ এএম (ভিজিট : ১৭)

সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে বাকি ৭ জনের মরদেহ দেশে পৌঁছেছে।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ৮টা ২১ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিশেষ ফ্লাইট বিজি-৩৩৬-এ মরদেহগুলো ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
গত ৯ আগস্ট রিয়াদের মানফুহা এলাকায় একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ১৬ বাংলাদেশি কর্মী নিহত হন।
এর আগে গত ২৭ আগস্ট প্রথম দফায় ৯ জনের মরদেহ দেশে আনা হয়। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তাদের পরিচয় শনাক্ত করা হয়েছিল।
তবে বাকি ৭ জনের মরদেহ আগুনে মারাত্মকভাবে পুড়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরে দীর্ঘ প্রক্রিয়া শেষে ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাদের পরিচয় নিশ্চিত করা হয়।
জানা গেছে, গত ১০ অক্টোবর থেকে রিয়াদ থেকে সব ধরনের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত রয়েছে। এ কারণে বাংলাদেশ দূতাবাসের বিশেষ ব্যবস্থাপনায় মরদেহগুলো প্রথমে সড়কপথে রিয়াদ থেকে জেদ্দায় নেওয়া হয়। পরে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানের ফ্লাইটে ঢাকায় পাঠানো হয়।
ডেল্টা টাইমস/সিআর/এমই