প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৫:০২ পিএম (ভিজিট : ০)

সংগৃহীত ছবি
দেশে ডেঙ্গু মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরকে ৫০ হাজার ডেঙ্গু এনএস১ (NS1) পরীক্ষার কিট, ৭০ হাজার ব্যাগ নরমাল স্যালাইন ও শিশুদের জন্য ১৫ হাজার ব্যাগ স্যালাইন দিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস)। এ ছাড়া স্যালাইন সেটও সরবরাহ করেছে সংস্থাটি।
সোমবার (১৯ অক্টোবর) ঢাকায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে এসব চিকিৎসাসামগ্রী হস্তান্তর করা হয়।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মো. আবদুস সালাম স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. হালিমুর রশীদ এবং হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. নাসিরউদ্দিন পনীরের কাছে এসব চিকিৎসাসামগ্রী হস্তান্তর করেন।
এ ছাড়া ডেঙ্গু রোগীদের চিকিৎসায় সহায়তার জন্য হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালকেও ৫ হাজার ব্যাগ নরমাল স্যালাইন দিয়েছে সংস্থাটি।
অনুষ্ঠানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মো. আবদুস সালাম বলেন, বাংলাদেশ সরকারের সহায়ক প্রতিষ্ঠান হিসেবে জাতীয় পর্যায়ে ডেঙ্গু মোকাবিলায় প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী সরবরাহ, জনসচেতনতা বৃদ্ধি এবং ঝুঁকিপূর্ণ পরিবারের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ রেড ক্রিসেন্ট।
তিনি আশা প্রকাশ করেন, এ সহায়তা ডেঙ্গু শনাক্তকরণ ও চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ বাড়ানোর পাশাপাশি ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষায় ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব মো. হাবিবুর রহমান খান, উপমহাসচিব মো. এহসান-ই-এলাহী, স্বাস্থ্য ও তহবিল সংগ্রহ বিভাগের অতিরিক্ত পরিচালক অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. এস এম হুমায়ুন কবির, মানবসম্পদ ও প্রশাসন বিভাগের পরিচালক এ এস এম মামুনুর রহমান খলিলী, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. কে এম মোজিবুল হক, হাসপাতালটির পরিচালক ডা. মো. নাসির উদ্দিন আহমেদ এবং আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট ফেডারেশনের (আইএফআরসি) প্রতিনিধি দলের প্রধান সেভাল গুজেলকিলিঞ্চসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।