এআই সাইবার হামলা ঠেকাতে বিশেষ মহড়া চালাবে জি৭

ডেল্টা টাইমস ডেস্ক:

বিজ্ঞান ও প্রযুক্তি

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে চালানো সাইবার হামলার ঝুঁকি মোকাবেলায় বিশেষ মহড়া চালানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্বের উন্নত সাত

2026-10-16T15:04:40+06:00
2026-10-16T15:04:40+06:00
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

এআই সাইবার হামলা ঠেকাতে বিশেষ মহড়া চালাবে জি৭
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৩:০৪ পিএম   (ভিজিট : ১৩)

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে চালানো সাইবার হামলার ঝুঁকি মোকাবেলায় বিশেষ মহড়া চালানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্বের উন্নত সাত অর্থনীতির জোট জি৭। এসব মহড়ার মাধ্যমে আর্থিক প্রতিষ্ঠান ও ব্যাংকিং ব্যবস্থার ওপর এআইনির্ভর সাইবার হামলা হলে কিভাবে দ্রুত ও কার্যকরভাবে তা মোকাবেলা করা যায়, তা পরীক্ষা করা হবে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জি৭-এর অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের বৈঠকের পর জাপানের অর্থমন্ত্রী সাতসুকি কাতায়ামা এ তথ্য জানান। রয়টার্সের এক প্রতিবেদনে এ খবর প্রকাশিত হয়েছে।

জাপানের অর্থমন্ত্রী বলেন, এআই প্রযুক্তির সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় এ ধরনের মহড়া আয়োজনের প্রস্তাব জি৭-এর অর্থ মন্ত্রণালয়গুলোর উপমন্ত্রী পর্যায়ে আলোচনা করা হয়েছিল। পরে মন্ত্রী পর্যায়ে এ পরিকল্পনা অনুমোদন দেওয়া হয়।

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বার্ষিক সম্মেলনের পার্শ্ববৈঠকে জি৭-এর অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নররা এ বিষয়ে আলোচনা করেন।
 

জাপানের অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, মহড়ায় এআই-চালিত সাইবার হামলার বিভিন্ন কাল্পনিক পরিস্থিতি তৈরি করা হবে। এসব পরিস্থিতিতে জি৭-এর অর্থ কর্তৃপক্ষ কিভাবে প্রতিক্রিয়া জানায়, তা যাচাই করা হবে। মহড়ার ফলাফল বিশ্লেষণ করে বিদ্যমান নিরাপত্তাব্যবস্থা ও জরুরি পদক্ষেপের কার্যকারিতা মূল্যায়ন করা হবে।
প্রয়োজনে হামলা মোকাবেলার নির্দেশিকা ও পরিকল্পনাও সংশোধন করা হবে।

মহড়ার ধরন ও পরিস্থিতির ওপর নির্ভর করে বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানগুলোকেও এতে যুক্ত করা হতে পারে বলে জানান ওই কর্মকর্তা।

এআই ব্যবহার করে সাইবার হামলার আশঙ্কা নিয়ে সম্প্রতি সতর্ক করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটির আশঙ্কা, কোনো আর্থিক প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ সেবায় এআই-সক্ষম সাইবার হামলা হলে আর্থিক ব্যবস্থার ওপর মানুষের আস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে।

বিশ্বজুড়ে ব্যাংকিং নিয়ন্ত্রক সংস্থাগুলোও এআইয়ের ঝুঁকি মোকাবিলায় নজরদারি বাড়াচ্ছে।ব্যাংকের ওপর সাইবার হামলা কিংবা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া স্বয়ংক্রিয় এআই এজেন্টের কর্মকাণ্ড বৈশ্বিক আর্থিক স্থিতিশীলতার জন্য হুমকি তৈরি করতে পারে বলে উদ্বেগ রয়েছে।

এদিকে ব্যাংক অব ইংল্যান্ডও এআই-সক্ষম সাইবার হামলার পর দ্রুত কার্যক্রম পুনরুদ্ধারের প্রস্তুতি নিয়ে ব্যাংকগুলোর সঙ্গে কাজ করছে। সংস্থাটির ডেপুটি গভর্নর বৃহস্পতিবার জানান, ব্যাংকগুলোকে এখন আর ধরে নেওয়া চলবে না যে এআই-চালিত সাইবার হামলার বিরুদ্ধে তাদের বিদ্যমান প্রতিরক্ষাব্যবস্থা পুরোপুরি নিরাপদ।

বিশ্লেষকদের মতে, আর্থিক খাতে এআইয়ের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে সাইবার নিরাপত্তার চ্যালেঞ্জও জটিল হচ্ছে। এ পরিস্থিতিতে জি৭-এর পরিকল্পিত মহড়া সদস্য দেশগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো এবং সম্ভাব্য হামলার ক্ষেত্রে দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি যাচাইয়ের সুযোগ তৈরি করবে।








  এই ক্যাটেগরির আরো সংবাদ