ঢামেকে বিনামূল্যে ১০০ রোগীর ছানি অপারেশন চীনা চিকিৎসক দলের
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৩:৪০ পিএম (ভিজিট : ০)

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে প্রায় ১০০ চক্ষু রোগীর ছানি অপারেশন করেছেন চীনের চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক দলের সদস্যরা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে হাসপাতালের সভাকক্ষে চোখের চিকিৎসা ও দৃষ্টিশক্তির উন্নয়ন নিয়ে চীনা চিকিৎসক দল এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের মধ্যে একটি সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার এবং চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ডা. লিউ ইউয়িন।
সভায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, চীন ও বাংলাদেশের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং চিকিৎসা খাতে সহযোগিতা ও মেলবন্ধন আরও সুদৃঢ় করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। চীন বাংলাদেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে অংশীদার হিসেবে কাজ করছে এবং সর্বাত্মক সহযোগিতা দিয়ে যাচ্ছে। একই সঙ্গে অর্থনীতি ও অবকাঠামোগত উন্নয়নেও দেশটি বাংলাদেশের পাশে রয়েছে।
তিনি আরও বলেন, ভারত যখন একতরফাভাবে তিস্তার পানি নিয়ন্ত্রণের মাধ্যমে বাংলাদেশকে খরা ও বন্যার ঝুঁকিতে ফেলছে, তখন চীন সরকার তিস্তা ব্যারাজ প্রকল্পে সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের মানুষের জীবনযাত্রা সহজ করতে ভূমিকা রাখছে।
এর আগে গত ১১ অক্টোবর চীন থেকে সাত সদস্যের একটি চিকিৎসক দল বাংলাদেশে আসে। দলটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বিশেষ ব্যবস্থাপনায় প্রায় ১০০ চক্ষু রোগীর ছানি অপারেশন করে। অপারেশনগুলো সম্পূর্ণ বিনামূল্যে করা হয়।