প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ১২:৪৯ পিএম (ভিজিট : ০)

বছরে ৫০ হাজারেরও বেশি কর্মীর প্রয়োজন মন্টেনিগ্রোর। সেই সুযোগ কাজে লাগাতে চায় বাংলাদেশ। দেশটিতে দক্ষ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ।
সোমবার (৫ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্য গর্ডান স্টোজোভিচ।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, উভয় পক্ষ পর্যটন, নির্মাণ, আতিথেয়তা (হসপিটালিটি) ও স্বাস্থ্যসেবা খাতের জন্য সরকারি পর্যায়ে (জি-টু-জি ) কর্মী নিয়োগ, সহজতর ওয়ার্ক পারমিট ব্যবস্থা এবং শ্রম অভিবাসন সংক্রান্ত চুক্তির বিষয়ে আলোচনা করেন।
উভয় পক্ষ সংসদীয় কূটনীতি, প্রতিনিধিদলের সফর বিনিময় এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে একটি ‘বাংলাদেশ-মন্টিনিগ্রো সংসদীয় মৈত্রী গ্রুপ’ গঠনের বিষয়ে আলোচনা করে।
তারা দ্বিপাক্ষিক বাণিজ্য বহুমুখী ও সম্প্রসারণের ওপর জোর দেন। তৈরি পোশাকের পাশাপাশি বাংলাদেশের ওষুধ, চামড়া ও চামড়াজাত পণ্য, সিরামিক এবং পাট ও পাটজাত পণ্য আমদানির বিষয়ে মন্টিনিগ্রো আগ্রহ প্রকাশ করে। প্রতিমন্ত্রী বাংলাদেশে বিনিয়োগের সুযোগ—বিশেষ করে কৃষি, কৃষি-খাদ্য প্রক্রিয়াজাতকরণ, সামুদ্রিক খাদ্য, পরিবেশ-বান্ধব পর্যটন (ইকো-ট্যুরিজম), তৈরি পোশাক, নবায়নযোগ্য শক্তি এবং বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্র—তুলে ধরেন।
মন্টিনিগ্রো নবায়নযোগ্য জ্বালানি ও পর্যটন খাতে সহযোগিতার বিষয়ে আগ্রহ প্রকাশ করে।
এ ছাড়া, বৈঠকে শিক্ষা, নারীর ক্ষমতায়ন, ক্রীড়া ও সংস্কৃতি, কর্মসংস্থান, অভিবাসন, ভিসা প্রক্রিয়া সহজীকরণ এবং জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় সহযোগিতার বিষয় নিয়েও আলোচনা হয়।
ডেল্টা টাইমস/সিআর/এমই