প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৩:৫৮ পিএম আপডেট: ০৩.১০.২০২৬ ৪:২১ পিএম (ভিজিট : ১৭)

সংগৃহীত ছবি
শেখ হাসিনাকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া ছাড়া ওই সময় ভারতের হাতে আর কোনো বিকল্প ছিল না বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
শনিবার (৩ অক্টোবর) বে অব বেঙ্গল কনফারেন্সের একটি সেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ মন্তব্য করেন।
দীনেশ ত্রিবেদী বলেন, ‘পুরোনো বন্ধু’ হিসেবে ওই সময় ভারতের যা করার ছিল, তারা তা করেছে। শেখ হাসিনাকে বহনকারী বিমানকে ভারতে অবতরণের অনুমতি না দিলে কী হতো, তা জানা নেই বলেও মন্তব্য করেন তিনি।
শেখ হাসিনা কীভাবে ভারতে গিয়েছিলেন—এ বিষয়ে ভারতীয় হাইকমিশনার বলেন, তাকে ভারতীয় বিমানবাহিনী বা সেনাবাহিনী ভারতে নিয়ে যায়নি। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের সামরিক বিমানে করে ভারতে গিয়েছিলেন।
শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে দীনেশ ত্রিবেদী বলেন, এটি একটি আইনি প্রক্রিয়ার বিষয়, যা চলমান রয়েছে। পুরো বিষয়টি একটি সুগঠিত আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে এবং এতে আদালতও যুক্ত রয়েছে। ফলে এ বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা দেওয়া সম্ভব নয়।
শিক্ষার্থীদের পক্ষ থেকে করা প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ) ইতোমধ্যে একাধিকবার স্পষ্ট করেছে যে, বিষয়টি নির্দিষ্ট আইনি কাঠামোর মধ্যে রয়েছে।
তিনি বলেন, ভারত একটি গণতান্ত্রিক দেশ হিসেবে তাদের নিজস্ব আইনি ব্যবস্থার প্রতি শ্রদ্ধাশীল। শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়টিও সেই আইনগত প্রক্রিয়ার মধ্যেই বর্তমানে চলমান রয়েছে।