তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের অভাব ছিল
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১:৪৬ পিএম আপডেট: ৩০.০৯.২০২৬ ২:১৫ পিএম (ভিজিট : ১৪)

রাজধানীর মিরপুর ১০ নম্বর এলাকায় ডিএনসিসির ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের অভাব ছিল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি আরও বলেন, দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট পুলিশের সঙ্গে যোগাযোগ করেননি। সেখানে সমন্বয়ের অভাব ছিল বলে প্রাথমিকভাবে জেনেছেন তিনি। বিষয়টি তদন্ত করতে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা উত্তর সিটি করপোরেশন মিরপুর ১০ নম্বরে ফুটপাত উচ্ছেদ অভিযান চালানোর সময় হকারদের সঙ্গে পুলিশ ও সিটি করপোরেশনের কর্মীদের সংঘর্ষ হয়। এ সময় সিটি করপোরেশনের তিনটি গাড়িতে আগুন দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফুটপাত থেকে হকার উচ্ছেদের সময় ডিশ লাইনের কেবলের তার খুলে ফেলা হচ্ছিল। একপর্যায়ে সেখানকার বৈদ্যুতিক তার ছিঁড়ে গেলে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন পাশের একটি বৈদ্যুতিক ট্রান্সফরমারে ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ট্রান্সফরমারটিতে বিস্ফোরণ ঘটে এবং আগুন আরও ছড়িয়ে পড়ে।
মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে হামলা, ডিএনসিসির তিন গাড়িতে আগুনমিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে হামলা, ডিএনসিসির তিন গাড়িতে আগুন
আগুন লাগার পর বিক্ষুব্ধ হকারদের সঙ্গে সিটি করপোরেশনের কর্মীদের সংঘর্ষ বাঁধে। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের সঙ্গেও হকারদের সংঘর্ষ শুরু হয়। এ সময় সিটি করপোরেশনের তিনটি গাড়িতে আগুন দেওয়া হয় বলে পুলিশ জানিয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের বলেন, ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে। মিরপুর ১০ নম্বর থেকে মিরপুর ১৪ নম্বরের সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ওই সড়কে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
এদিকে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।
ডেল্টা টাইমস/সিআর/এমই