পাহাড়ে দুই গ্রুপের বন্দুকযুদ্ধে আট বছরের শিশু গুলিবিদ্ধ

ডেল্টা টাইমস ডেস্ক:

সারাদেশ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের মাচালং এলাকার মন্দিরাছড়ায় বিবদমান দুই আঞ্চলিক সংগঠনের মধ্যে বন্দুকযুদ্ধের সময় কস্মিকা ত্রিপুরা (৮)

2026-09-29T19:38:18+06:00
2026-09-29T19:38:18+06:00
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

পাহাড়ে দুই গ্রুপের বন্দুকযুদ্ধে আট বছরের শিশু গুলিবিদ্ধ
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩৮ পিএম   (ভিজিট : ০)

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের মাচালং এলাকার মন্দিরাছড়ায় বিবদমান দুই আঞ্চলিক সংগঠনের মধ্যে বন্দুকযুদ্ধের সময় কস্মিকা ত্রিপুরা (৮) নামে এক শিশু গুলিবিদ্ধ হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

কস্মিকা ত্রিপুরা মাচালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। সে উলেন্দ্র ত্রিপুরা ও মনিকা ত্রিপুরার মেয়ে।

স্থানীয়রা জানান, মন্দিরাছড়া এলাকায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। এ সময় কস্মিকা বাড়ির ভেতরে ছিল। হঠাৎ একটি গুলি এসে তার বাম হাতে বিদ্ধ হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাচালং বাজারের একটি ফার্মেসিতে নিয়ে যান। সেখানে গুলি বের করে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

সাজেক ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য জৌপৈই থাং ত্রিপুরা বলেন, বাড়িতে অবস্থানের সময় গুলিবিদ্ধ হয়ে শিশুটি আহত হয়েছে। পরে তাকে মাচালং বাজারের একটি ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা দিয়ে খাগড়াছড়ি হাসপাতালে পাঠানো হয়েছে।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, ঘটনা জানার পর তিনি ওই এলাকায় গেছেন। তবে স্থানীয়রা এ বিষয়ে কথা বলতে চাইছেন না। তারা জানিয়েছেন, আহত শিশুটিকে খাগড়াছড়ি হাসপাতালে নেওয়া হয়েছে।

বন্দুকযুদ্ধের বিষয়ে জেএসএস ও ইউপিডিএফের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে শিশু কস্মিকা ত্রিপুরা গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ত্রিপুরা ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটি। এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, আঞ্চলিক দলগুলোর আধিপত্য বিস্তারের সশস্ত্র সংঘাতের কারণে সাধারণ মানুষের জীবন প্রতিনিয়ত ঝুঁকির মধ্যে পড়ছে। নিজ পাড়ায় অবস্থানকালে একটি শিশু গুলিবিদ্ধ হওয়ার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

বিবৃতিতে পাহাড়ে সশস্ত্র সহিংসতা বন্ধ, আহত শিশু কস্মিকা ত্রিপুরার সুচিকিৎসা ও প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা নিশ্চিত করার দাবি জানানো হয়। পাশাপাশি পার্বত্যাঞ্চলে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে এনে সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।


ডেল্টা টাইমস/সিআর/এফএএইচ








  এই ক্যাটেগরির আরো সংবাদ