মোটরসাইকেলে ঝুঁকি বাড়ছে, তরুণদের জন্য সমন্বিত সড়ক আইন দাবি

ডেল্টা টাইমস ডেস্ক:

গণমাধ্যম

মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণদের হতাহত বাড়লেও সড়ক নিরাপত্তায় গতি নিয়ন্ত্রণ, মানসম্মত হেলমেট, নিরাপদ যানবাহন ও দুর্ঘটনার পর জরুরি চিকিৎসাসেবা

2026-09-29T18:16:27+06:00
2026-09-29T18:23:57+06:00
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

মোটরসাইকেলে ঝুঁকি বাড়ছে, তরুণদের জন্য সমন্বিত সড়ক আইন দাবি
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১৬ পিএম  আপডেট: ২৯.০৯.২০২৬ ৬:২৩ পিএম  (ভিজিট : ১০)

মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণদের হতাহত বাড়লেও সড়ক নিরাপত্তায় গতি নিয়ন্ত্রণ, মানসম্মত হেলমেট, নিরাপদ যানবাহন ও দুর্ঘটনার পর জরুরি চিকিৎসাসেবা এখনো সমন্বিত কাঠামোর মধ্যে আসেনি। তরুণদের সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে এসব বিষয় একীভূত করে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন ও কার্যকর বাস্তবায়নের দাবি জানিয়েছেন বক্তারা।

‘সমন্বিত সড়ক নিরাপত্তা আইনের পক্ষে তরুণদের আহ্বান’ শীর্ষক এক আলোচনা সভায় এ দাবি উঠে আসে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর শ্যামলীতে ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য ও পুষ্টি সেক্টরের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় নিরাপদ যানবাহন, গতি নিয়ন্ত্রণ, মানসম্মত হেলমেট ও দুর্ঘটনা-পরবর্তী জরুরি সেবা নিয়ে প্যানেল আলোচনা হয়। ‘রোড সেফটি আইন কেন দরকার ও তরুণদের ভূমিকা’ শীর্ষক সেশনে সড়ক নিরাপত্তায় তরুণদের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়।

আহ্ছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিয়িংয়ের সমন্বয়কারী মারজানা মুনতাহার সঞ্চালনায় সভায় শুভেচ্ছা বক্তব্য দেন ঢাকা আহ্ছানিয়া মিশনের রোড সেফটি প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী শারমিন রহমান।

এ সময় বক্তব্য দেন নিরাপদ সড়ক আন্দোলনের সভাপতি মেহেদী দিপ্ত, বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সদস্য মো. ইস্তিয়াক ইমন, মিশন গ্রিন বাংলাদেশের সদস্য মো. ইফরাত হোসাইন, স্বেচ্ছাসেবক সমন্বয়কারী মো. আরমান হোসাইন রায়েদ এবং বাংলাদেশ মেডিকেল স্টুডেন্ট সোসাইটির সদস্য নওশীন নাওয়ার আচল।

আলোচনায় বক্তারা বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) হিসাবে, বিশ্বব্যাপী ৫ থেকে ২৯ বছর বয়সীদের মৃত্যুর প্রধান কারণগুলোর মধ্যে সড়ক দুর্ঘটনা অন্যতম। অতিরিক্ত গতি, হেলমেটসহ নিরাপত্তা সরঞ্জাম ব্যবহারে অনীহা এবং দুর্ঘটনার পর দ্রুত চিকিৎসা ও জরুরি সেবা না পাওয়ায় হতাহত ও ক্ষয়ক্ষতি বাড়তে পারে।

তারা বলেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে যানবাহনের নিরাপত্তা, গতি নিয়ন্ত্রণ, সড়ক ব্যবহারকারীদের আচরণ এবং দুর্ঘটনা-পরবর্তী জরুরি সেবাকে একই কাঠামোর আওতায় আনতে হবে। শুধু আইন প্রণয়ন নয়, এর যথাযথ বাস্তবায়নও নিশ্চিত করা জরুরি।

বক্তারা আরও বলেন, জনসচেতনতা তৈরির পাশাপাশি সড়ক নিরাপত্তা নীতিনির্ধারণ ও বাস্তবায়নে তরুণদের মতামত ও উদ্যোগকে কাজে লাগাতে হবে।

ডেল্টা টাইমস/সিআর/এফএএইচ








  এই ক্যাটেগরির আরো সংবাদ