প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৫২ এএম (ভিজিট : ৩)

নিউইয়র্কে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মেটার চিফ গ্লোবাল অ্যাফেয়ার্স অফিসার জোয়েল কাপলানের সঙ্গে বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়
বাংলাদেশে মেটার একটি কার্যালয় খোলার জন্য প্রতিষ্ঠানটিকে আমন্ত্রণ জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থানীয় সময় গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মেটার চিফ গ্লোবাল অ্যাফেয়ার্স অফিসার জোয়েল কাপলানের সঙ্গে বৈঠকে তিনি এ প্রস্তাব দেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে বাংলাদেশে মেটার বিপুলসংখ্যক ব্যবহারকারীর বিষয়টি তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ সময় মেটার বিভিন্ন প্ল্যাটফর্ম ও প্রযুক্তি কীভাবে বাংলাদেশের ব্যবসা, উদ্যোক্তা ও ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (এসএমই) এবং দেশের ই-কমার্স খাতকে সহায়তা করতে পারে, তা নিয়ে আলোচনা করেন তিনি।
অনলাইনে হয়রানি ও ডিজিটাল নির্যাতন প্রতিরোধে আরও পদক্ষেপ নিতে মেটার প্রতি আহ্বান জানান শামা ওবায়েদ। এ সময় বাংলাদেশের প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইন নিয়েও জোয়েল কাপলানের সঙ্গে আলোচনা করেন তিনি।
বৈঠকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান এবং উপ-স্থায়ী প্রতিনিধি একেএম ওয়াহিদুজ্জামান উপস্থিত ছিলেন।
ডেল্টা টাইমস/সিআর/এমই