এসআরবি নামে যাত্রা শুরু র‍্যাবের, লোগোর নকশা অপরিবর্তিত

ডেল্টা টাইমস ডেস্ক:

জাতীয়

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র‍্যাব বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ বা এসআরবি নামে নতুন বিশেষায়িত ইউনিট

2026-09-16T15:16:56+06:00
2026-09-16T15:16:56+06:00
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

এসআরবি নামে যাত্রা শুরু র‍্যাবের, লোগোর নকশা অপরিবর্তিত
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৩:১৬ পিএম   (ভিজিট : ০)

 র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র‍্যাব বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ বা এসআরবি নামে নতুন বিশেষায়িত ইউনিট গঠন করা হয়েছে। গতকাল (মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর) এ-সংক্রান্ত নতুন আইনের গেজেট প্রকাশ করেছে সরকার। এর পরদিন বুধবার (১৬ সেপ্টেম্বর) থেকে নতুন নামে কার্যক্রম শুরু করেছে বাহিনীটি।

গেজেটে বলা হয়েছে, দেশের জননিরাপত্তা রক্ষা, সন্ত্রাসবাদ ও সংঘবদ্ধ অপরাধ দমনের মাধ্যমে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে পুলিশ বাহিনীকে সহায়তার জন্য আধুনিক, পেশাদার, দক্ষ ও জবাবদিহিমূলক একটি বিশেষায়িত ইউনিট প্রয়োজন। একই সঙ্গে বিশেষায়িত বাহিনীর ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা, তদারকি ও কার্যকর জবাবদিহি নিশ্চিত করাও জরুরি।

এসব প্রয়োজন বিবেচনায় বিদ্যমান র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ বা এসআরবি গঠনের জন্য আইন করা হয়েছে বলে গেজেটে উল্লেখ করা হয়।

বুধবার নতুন নামে কার্যক্রম শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন বাহিনী প্রধান আহসান হাবীব পলাশ। তিনি বলেন, ‘এসআরবি নামে গেজেট হয়েছে। আমরা র‌্যাবের নাম পরিবর্তন করে এসআরবি নাম দিয়ে সকল কাজ আজ থেকে শুরু করেছি।’

এদিন এসআরবির সংবাদ সম্মেলনের আমন্ত্রণপত্রে ব্যবহৃত লোগোতেও পরিবর্তন দেখা গেছে। সেখানে র‍্যাবের স্থলে ‘এসআরবি বাংলাদেশ’ লেখা হয়েছে। তবে লোগোর মূল নকশা অপরিবর্তিত রাখা হয়েছে। বাহিনীর বিভিন্ন ইউনিটের সংবাদ বিজ্ঞপ্তিতেও নতুন নামের লোগো ব্যবহার করতে দেখা গেছে।


এর আগে, বিরোধীদলের আপত্তির মধ্যে গত ১০ সেপ্টেম্বর র‍্যাব বিলুপ্ত করে পুলিশের অধীনে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন বিশেষায়িত ইউনিট গঠনের বিল জাতীয় সংসদে পাশ হয়। মঙ্গলবার গেজেট প্রকাশের মাধ্যমে তা আইনে পরিণত হয়। পরদিনই নতুন নামে কার্যক্রম শুরু করে বাহিনীটি।

২০০৪ সালের ২৬ মার্চ বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন গঠিত হয়। আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন অভিযানে সাফল্যের পাশাপাশি বাহিনীটির বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগও ওঠে। এসব অভিযোগে বিভিন্ন সময় র‍্যাব বিলুপ্তির দাবি জানানো হয়।

গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ২০২১ সালের ১০ ডিসেম্বর র‍্যাব এবং বাহিনীর সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।

জুলাই গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের ১০ ডিসেম্বর বিএনপি গঠিত পুলিশ প্রশাসন সংস্কারবিষয়ক কমিটি র‍্যাব বিলুপ্তির সুপারিশ করে।

তবে ক্ষমতায় এসে বিএনপি র‍্যাব পুরোপুরি বিলুপ্ত না করে এর কাঠামো ও কর্মপরিধি পুনর্বিন্যাসের মাধ্যমে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ বা এসআরবি নামে পুলিশের অধীনে বিশেষায়িত ইউনিট হিসেবে কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নেয়। 








  এই ক্যাটেগরির আরো সংবাদ