স্থানীয় সরকার নির্বাচন নিয়ে মন্তব্যে পাল্টা মন্তব্যে রাজি নন ইসি সচিব

ডেল্টা টাইমস ডেস্ক:

জাতীয়

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের মন্তব্যের বিপরীতে কোনো পাল্টা মন্তব্য করতে রাজি হননি

2026-09-15T15:05:34+06:00
2026-09-15T15:05:34+06:00
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে মন্তব্যে পাল্টা মন্তব্যে রাজি নন ইসি সচিব
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৩:০৫ পিএম   (ভিজিট : ০)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের মন্তব্যের বিপরীতে কোনো পাল্টা মন্তব্য করতে রাজি হননি নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি জানিয়েছেন, আগামী ১৭ সেপ্টেম্বর সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠকের পর স্থানীয় নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করা হবে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এর আগে সচিবালয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছুই জানে না।

এ প্রসঙ্গে ইসি সচিবকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "উনি যা বলেছেন তা শিরোধার্য। তবে এ বিষয়ে পাল্টা কোনো মন্তব্য করার ধৃষ্টতা আমি দেখাব না। নো কমেন্ট ফ্রম মাই সাইড।"

ইসি সচিব আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচন হবে—এটি নিশ্চিত। তবে নির্বাচন কবে, কোন পদ্ধতিতে বা কোন পর্যায়ে হবে, তা নিয়ে গত দুই দিন ধরে কমিশনে প্রাক-প্রস্তুতিমূলক আলোচনা হয়েছে। এর ধারাবাহিকতায় গতকাল একটি সাময়িক (টেন্টেটিভ) সময়সূচি তৈরি করা হয়েছে, যেখানে পাঁচটি ধাপে নির্বাচন আয়োজনের প্রস্তাব রয়েছে, পাশাপাশি দুটি ধাপ সংরক্ষিত রাখা হয়েছে। তবে এটি একেবারেই প্রাথমিক পরিকল্পনা।

তিনি জানান, আগামী ১৭ সেপ্টেম্বর বিভিন্ন মন্ত্রণালয় এবং নির্বাচন কার্যক্রমের সঙ্গে সরাসরি সম্পৃক্ত স্টেকহোল্ডারদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হবে। শিক্ষা মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে প্রয়োজনীয় মতামত নেওয়া হবে। এসব মতামতের ভিত্তিতে কমিশন নির্বাচনের চূড়ান্ত সময়সূচি নির্ধারণ করবে।

তিনি আরও বলেন, ১৭ সেপ্টেম্বরের বৈঠকের জন্য প্রয়োজনীয় ভিত্তি হিসেবেই প্রাথমিকভাবে পাঁচ ধাপ ও দুটি রিজার্ভ ধাপের ধারণা দেওয়া হয়েছে, যাতে সংশ্লিষ্টরা নিজেদের প্রস্তুতি গুছিয়ে কমিশনকে জানাতে পারেন।

ছয় মাস ধরে নির্বাচন চললে প্রশাসনিক ও উন্নয়ন কার্যক্রম ব্যাহত হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ১৭ সেপ্টেম্বরের বৈঠকে এসব বিষয়ে আরও বিস্তারিত আলোচনা হবে। এরপর কমিশন এ ব্যাপারে অতিরিক্ত তথ্য জানাবে।

ব্রিফিংয়ের শেষ পর্যায়ে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের মন্তব্যের বিষয়ে কমিশন বিব্রত কি না—জানতে চাইলে তিনি বলেন, "নো কমেন্টসটাই আমার দিক থেকে কমেন্ট।"








  এই ক্যাটেগরির আরো সংবাদ