নতুন করে তৈরি হওয়া গ্যাস ও বিদ্যুৎ সংকট আগামীকাল রাত থেকেই আগের অবস্থায় ফিরে যাবে বলে প্রধানমন্ত্রী তারেক রহমান আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন এফবিসিসিআইয়ের প্রশাসক ও ব্যবসায়ী ফজলুল হক।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ২০টি ব্যবসায়ী সংগঠনের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
ফজলুল হক বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, কাল রাত থেকেই ইনশা আল্লাহ আমাদের নতুন করে যে সংকট তৈরি হয়েছে, এর আগের যে অবস্থায় আমরা ছিলাম, সেই অবস্থায় গ্যাস বিদ্যুতের ওই অবস্থায় আমরা কাল রাতে ফিরে যেতে পারবো।’ তিনি বলেন, ‘এটা আমাদের মনে হয় যে, আজকের এই বৈঠকের সবচাইতে বড় প্রাপ্তি, সবচাইতে বড় স্বস্তির খবর।’
জ্বালানি সংকট কাটাতে সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনার আশ্বাসে স্বস্তি ফিরেছে ব্যবসায়ীদের মধ্যে। গ্যাস কূপ খনন ও সৌরবিদ্যুতের ওপর গুরুত্ব দিয়ে জ্বালানি নিরাপত্তা নিয়ে দুই, তিন ও পাঁচ বছর মেয়াদি পরিকল্পনার কথা জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে। এতে সংকটের টেকসই সমাধানের আশা করছেন ব্যবসায়ীরা। এছাড়া দেশের অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও ব্যবসায়ীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার তাগিদও এসেছে।
গ্যাস কূপ খননে চলমান কার্যক্রমের পাশাপাশি সৌরবিদ্যুতে (সোলার) বিশেষ গুরুত্ব দেওয়ার বিষয়টিও আলোচনায় উঠে আসে।
বৈঠক শেষে এফবিসিসিআই-এর প্রশাসক ফজলুল হক বলেন, আগামী দিনে জ্বালানি সমস্যার সমাধান হবে বলে আমরা আশা করছি। আলোচনা শেষে ব্যবসায়ীরা স্বস্তি নিয়ে ফিরছেন। এই স্বস্তি দীর্ঘমেয়াদী হবে বলেও তিনি বিশ্বাস করেন।
অন্যদিকে, দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহাদী আমিন বলেন, বিগত ফ্যাসিবাদের শাসনামলে তৈরি হওয়া পুঞ্জীভূত সমস্যাগুলো খুব অল্প সময়ে সমাধান করা কঠিন। তবে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশ তার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে পারবে।
ডেল্টা টাইমস/সিআর/এমই