১৭ বছরের দীর্ঘ অপেক্ষা শেষে অক্ষয়-সাইফ, কিন্তু বক্স অফিসে শুরুতেই ধাক্কা
অনলাইন ডেস্ক:
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩০ পিএম (ভিজিট : ৪)

১৭ বছর পর পর্দায় ফিরেছে অক্ষয় কুমার ও সাইফ আলী খানের জুটি। স্বাভাবিকভাবেই দুই তারকার পুনর্মিলন ঘিরে দর্শকদের প্রত্যাশাও ছিল তুঙ্গে। ২০০৮ সালের ‘তাসান’-এর পর আবারও একসঙ্গে দেখা গেল বলিউডের দুই জনপ্রিয় অভিনেতাকে। কিন্তু সেই প্রত্যাশার প্রতিফলন মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে দেখা গেল না।
প্রিয়দর্শনের পরিচালনায় ‘হাইওয়ান’ নিয়ে দীর্ঘদিন ধরেই ছিল আগ্রহ। অক্ষয় ও সাইফের বহু প্রতীক্ষিত প্রত্যাবর্তন নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছিল বাড়তি উন্মাদনা। তবে মুক্তির প্রথম দিনে সেই উন্মাদনাকে আয়ে রূপ দিতে ব্যর্থ হয়েছে সিনেমাটি।
বক্স অফিস ট্র্যাকার স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, ভারতের প্রেক্ষাগৃহে প্রথম দিনে ‘হাইওয়ান’-এর নিট আয় হয়েছে মাত্র ৩ কোটি রুপি। গ্রস আয় দাঁড়িয়েছে প্রায় ৩ কোটি ৬০ লাখ রুপি। বিশ্বব্যাপী প্রথম দিনে সিনেমাটির আয় প্রায় ৪ কোটি ৬০ লাখ রুপি।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম দিনে সিনেমাটির জন্য প্রেক্ষাগৃহে মোট ৭ হাজার ২২৪টি শো রাখা হয়েছিল। কিন্তু দর্শক উপস্থিতি ছিল মাত্র ১১ শতাংশের কাছাকাছি। প্রায় ১৩০ কোটি রুপি বাজেটের সিনেমার এমন ধীরগতির সূচনা নিয়ে স্বাভাবিকভাবেই চিন্তিত বাণিজ্য বিশ্লেষকেরা।
অক্ষয় ও সাইফের পুরনো ছবির প্রথম দিনের আয়ের সঙ্গেও তুলনা টানা হচ্ছে। ২০০৭ সালে মুক্তি পাওয়া অক্ষয় কুমারের ‘ভুল ভুলাইয়া’ প্রথম দিনে আয় করেছিল প্রায় ৩ কোটি ৮৮ লাখ রুপি। একই বছরে মুক্তি পাওয়া সাইফ আলী খানের ‘তা রা রাম পাম’-এর প্রথম দিনের আয় ছিল প্রায় ৩ কোটি ৬৬ লাখ রুপি। সেই তুলনায় নতুন ছবি ‘হাইওয়ান’ পিছিয়ে রয়েছে।
ডেল্টা টাইমস/সিআর/এনজিটি