প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৪:২৩ পিএম (ভিজিট : ৫)

সংগৃহীত ছবি
অধিকৃত পশ্চিম তীরের ই-১ এলাকায় ইসরায়েলের নতুন বসতি নির্মাণ পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইসরায়েলের এ ধরনের কার্যক্রম আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রাসঙ্গিক প্রস্তাবনার পরিপন্থী। একইসঙ্গে এসব পদক্ষেপ অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের ভৌগোলিক অখণ্ডতাকে ক্ষতিগ্রস্ত করছে এবং টেকসই দুই রাষ্ট্র সমাধানের সম্ভাবনাকে আরও দুর্বল করছে।
বিবৃতিতে বাংলাদেশ ইসরায়েলকে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে সব ধরনের বসতি কার্যক্রম অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে। বাংলাদেশ পুনর্ব্যক্ত করেছে যে, ফিলিস্তিনি জনগণের বৈধ ও অবিচ্ছেদ্য অধিকার, বিশেষ করে ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমান্তের ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকারের প্রতি ঢাকার দৃঢ় সমর্থন অব্যাহত থাকবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনাকে ক্ষুণ্ন করে এমন কর্মকাণ্ড প্রতিরোধে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও জোরালো কূটনৈতিক উদ্যোগ নেওয়া প্রয়োজন। পাশাপাশি আন্তর্জাতিক আইন ও দুই রাষ্ট্র সমাধানের ভিত্তিতে মধ্যপ্রাচ্যে ন্যায়সঙ্গত, স্থায়ী ও ব্যাপক শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা জোরদারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। ফিলিস্তিনি জনগণের স্বাধীনতা, মর্যাদা, ন্যায়বিচার ও রাষ্ট্র প্রতিষ্ঠার বৈধ আকাঙ্ক্ষার প্রতি বাংলাদেশের সংহতি অব্যাহত থাকবে।
ডেল্টা টাইমস/সিআর/এনজিটি