নির্বাচনে সংবাদ সংগ্রহ করা সাংবাদিকদের অনলাইনে কার্ড দেবে ইসি

ডেল্টা টাইমস ডেস্ক:

জাতীয়

নির্বাচন কাভার করতে সাংবাদিকদের জন্য কার্ড বিতরণ প্রক্রিয়াকে আরও সহজ, স্বচ্ছ ও ঝামেলামুক্ত করতে ডিজিটাল ব্যবস্থা চালুর উদ্যোগ

2026-09-07T19:13:35+06:00
2026-09-07T19:13:35+06:00
সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

নির্বাচনে সংবাদ সংগ্রহ করা সাংবাদিকদের অনলাইনে কার্ড দেবে ইসি
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১৩ পিএম   (ভিজিট : ০)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নির্বাচন কাভার করতে সাংবাদিকদের জন্য কার্ড বিতরণ প্রক্রিয়াকে আরও সহজ, স্বচ্ছ ও ঝামেলামুক্ত করতে ডিজিটাল ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে একটি কেন্দ্রীয় প্ল্যাটফর্ম তৈরির পরিকল্পনা করা হয়েছে। এর কার্যক্রম কেন্দ্রীয় পর্যায় থেকে উপজেলা পর্যন্ত বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।

এক্ষেত্রে নির্বাচন সংশ্লিষ্ট গণমাধ্যমকর্মীদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসিসহ (আরএফডি) অন্যান্য অংশীজনের মতামতের ভিত্তিতে একটি সফটওয়্যার প্রস্তুতের উদ্যোগ নিয়েছে সংস্থাটি।

সোমবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ইসি সচিব আখতার আহমেদ বলেছেন, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে সাংবাদিকদের কার্ড দেওয়ার ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার করতে চেয়েছিল কমিশন। তবে শেষ পর্যন্ত তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এবার সেই সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে নতুন করে উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেছেন, পিআইডি, বাসস, বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে একটি প্ল্যাটফর্ম তৈরির পরিকল্পনা করা হয়েছে। এর মাধ্যমে কেন্দ্রীয়ভাবে এবং উপজেলা পর্যায় পর্যন্ত একটি সমন্বিত ব্যবস্থা গড়ে তোলা হবে।

ইসি সচিব বললেন, এ বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ২৪ তারিখের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। কমিটির প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতে প্রযুক্তির ব্যবহার কীভাবে করা হবে, সে বিষয়ে কমিশন পরবর্তী সিদ্ধান্ত নেবে।

তিনি বলেছেন, কার্ড বিতরণ ও গ্রহণের সময় যে ধরনের জটিলতা বা হুজ্জতি হয়, সেটি দূর করাই এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। একই সঙ্গে সুষ্ঠু সংবাদ পরিবেশনের ক্ষেত্রে গতিশীলতা আনা হবে। স্বাভাবিক প্রক্রিয়ায় এই ব্যবস্থা চলমান থাকবে এবং সময়ের সঙ্গে যে পরিবর্তনই আসুক, প্রয়োজন অনুযায়ী সেটির সঙ্গে সমন্বয় করা হবে।

সাংবাদিকদের কার্ড দেওয়ার ক্ষেত্রে যোগ্যদের সবাইকে অন্তর্ভুক্ত করার কথা জানিয়ে ইসি সচিব বলেছেন, অনলাইন হোক বা অফলাইন, যে পদ্ধতিই চূড়ান্ত করা হোক, যাদের কার্ড পাওয়ার যোগ্যতা ও প্রাপ্যতা রয়েছে, তাদের সবাইকে অন্তর্ভুক্ত করতে চায় কমিশন। কাউকে বাদ দেওয়ার উদ্দেশ্য নেই। এখানে মূল বিষয় হচ্ছে ব্যবস্থাপনাটা নিশ্চিত করা, নিয়ন্ত্রণ করা নয়।

তিনি বলেছেন, কার্ড বিতরণ নিয়ে বিভিন্ন সুপারিশ এসেছে এবং এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সুপারিশগুলো আরও সুনির্দিষ্ট ও পদ্ধতিগত করার জন্যই কমিটি গঠন করা হয়েছে। আগামী ২৪ তারিখে কমিটি প্রতিবেদন দেওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।


ডেল্টা টাইমস/সিআর/এনজিটি








  এই ক্যাটেগরির আরো সংবাদ