প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪৭ পিএম (ভিজিট : ০)

সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের ১ম থেকে ৫ম শ্রেণি এবং ১০ম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের অসামান্য শিক্ষায়তনিক সাফল্য ও নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠিত হলো ‘প্রিন্সিপাল অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠান। স্ব-স্ব শ্রেণিতে সেরা ১০ জন অর্জনকারী শিক্ষার্থীর হাতে এই মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়।
শনিবার দুপুরে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে সেরা মেধাবী শিক্ষার্থীদের এই পদক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের গভর্নিং বডির চেয়ারম্যান। উপস্থিত অতিথিবৃন্দ ও অভিভাবকদের করতালির মধ্য দিয়ে কৃতী শিক্ষার্থীদের হাতে উপহার ও মেডেল তুলে দেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে গভর্নিং বডির চেয়ারম্যান বলেন, আজকের এই মেধা ও সাফল্যের সম্মাননা শুধুই একটি পুরস্কার নয়, এটি শিক্ষার্থীদের অধ্যবসায় ও ভবিষ্যতের সম্ভাবনার এক উজ্জ্বল স্মারক। প্রতিষ্ঠানের প্রতিটি শিক্ষার্থী যেন মানবিক গুণাবলিতে বলীয়ান হয়ে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখতে পারে, সেই পরিবেশ তৈরিতে আমরা সবসময় অঙ্গীকারবদ্ধ।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে প্রতিষ্ঠানের অধ্যক্ষ বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, যারা কঠোর পরিশ্রম ও একাগ্রতার পরিচয় দিয়ে সেরা দশে স্থান করে নিয়েছ, তাদের জানাই আন্তরিক অভিনন্দন। এই অ্যাওয়ার্ড তোমাদের ওপর দায়িত্ব আরও বাড়িয়ে দিল। তবে মনে রাখবে, এই অর্জন কেবল সূচনামাত্র; তোমাদের অব্যাহত শেখার ও নিজেকে আরও উঁচুতে নিয়ে যাওয়ার পথ সুগম করাই আমাদের প্রধান উদ্দেশ্য।
পুরস্কার হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ১ম থেকে ৫ম শ্রেণির ক্ষুদে শিক্ষার্থীরা। তারা জানায়, শিক্ষক ও অভিভাবকদের অনুপ্রেরণায় প্রাপ্ত এই স্বীকৃতি তাদের আগামীতে আরও মনোযোগ দিয়ে পড়াশোনা করার উৎসাহ দেবে।
অন্যদিকে, এসএসসি পরীক্ষার দোরগোড়ায় দাঁড়িয়ে এমন সম্মাননা পেয়ে ১০ম শ্রেণির এক শিক্ষার্থী তার অনুভূতি ব্যক্ত করে বলে, বোর্ড পরীক্ষার আগে প্রিন্সিপাল অ্যাওয়ার্ড প্রাপ্তি তাদের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দিয়েছে। প্রতিষ্ঠানের এই আস্থার মর্যাদা তারা পরীক্ষার ফলাফলেও ধরে রাখার সর্বোচ্চ চেষ্টা করবে।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের গভর্নিং বডির অন্যান্য সদস্য, শিক্ষক-শিক্ষিকা এবং বিজয়ী শিক্ষার্থীদের সম্মানিত অভিভাবকগণ উপস্থিত ছিলেন। সাফল্য উদযাপন ও অনুপ্রেরণাদায়ক আবহের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে শেষ হয় পুরো আয়োজন।
ডেল্টা টাইমস/সিআর/এনজিটি