ক্লুলেস মামলার রহস্য উদ্ঘাটনে ডিসিসহ পুলিশ কর্মকর্তাদের পুরস্কার
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৬:০৮ পিএম (ভিজিট : ১)

সংগৃহীত ছবি
রাজধানীর বিমানবন্দর এলাকায় উত্তরা ডিএল ফিলিং স্টেশনের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা লুটের চাঞ্চল্যকর ও ক্লুলেস ঘটনার রহস্য উদ্ঘাটন করায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের কর্মকর্তাদের বিশেষ সম্মাননা ও পুরস্কার দেওয়া হয়েছে।
দক্ষতার সঙ্গে ডাকাতচক্রের মূল হোতাদের গ্রেপ্তার, লুণ্ঠিত অর্থ ও অস্ত্র সফলভাবে উদ্ধারে নেতৃত্ব দেওয়ায় ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মির্জা তারেক আহমেদ বেগ-কে আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করা হয়।
পাশাপাশি বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান ও মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলামসহ সংশ্লিষ্ট সদস্যদের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ৯ আগস্ট সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিমানবন্দর এলাকার ক্রাউন প্লাজার সামনে উত্তরা ডিএল ফিলিং স্টেশনের অর্থ বহনকারী কর্মীদের জিম্মি ও কুপিয়ে জখম করে ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাই করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। দিনদুপুরে ঘটা এই দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় ফিলিং স্টেশনের ব্যবস্থাপক মো. আবদুল করিম বাদী হয়ে বিমানবন্দর থানায় একটি মামলা করেন।
ঘটনার পরপরই ডিসি মির্জা তারেক আহমেদ বেগের সরাসরি দিকনির্দেশনা এবং তত্ত্বাবধানে মাঠে নামে বিমানবন্দর থানা ও এয়ারপোর্ট জোনের টিম।
আধুনিক প্রযুক্তি, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং গোয়েন্দা নেটওয়ার্ক কাজে লাগিয়ে ঢাকা ও আশপাশের বিভিন্ন জেলায় সাঁড়াশি অভিযান চালানো হয়। ধারাবাহিক এই অভিযানে চক্রের মূলহোতাসহ একাধিক ডাকাতকে গ্রেপ্তার করা হয় এবং তাদের হেফাজত থেকে অস্ত্র, গুলি ও লুণ্ঠিত অর্থের একটি বড় অংশ উদ্ধার করে পুলিশ।
ঝুঁকিপূর্ণ ও ক্লুলেস এই মামলার সাহসিকতাপূর্ণ তদন্ত এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে অসামান্য নেতৃত্ব দেওয়ায় ডিসি মির্জা তারেক আহমেদ বেগ ও তার টিমের সদস্যদের হাতে এই সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়।
পুলিশের এমন উদ্দীপনামূলক স্বীকৃতি মাঠ পর্যায়ের আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে অপরাধ দমনে আরো বেশি উৎসাহিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ডেল্টা টাইমস/ আরএফ