পাইলট হলেন তৌসিফ মাহবুব

নিজস্ব প্রতিবেদক:

বিনোদন

বিভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। এবার পর্দায় একেবারে ভিন্ন রূপে

2026-08-31T15:31:27+06:00
2026-08-31T15:31:27+06:00
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

পাইলট হলেন তৌসিফ মাহবুব
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৩:৩১ পিএম   (ভিজিট : ০)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। এবার পর্দায় একেবারে ভিন্ন রূপে দেখা যাবে তাকে। শিহাব শাহীন পরিচালিত ‘ক্যাফে আমব্রেলা’তে পাইলটের চরিত্রে অভিনয় করছেন তিনি। আর চরিত্রের প্রস্তুতি হিসেবে পাইলটের পোশাক পরে বিমানবন্দরে ঢুকে বাস্তব জীবনে পেয়েছেন পাইলটের মতোই সম্মান। এমনকি অনেকেই তাকে অভিনেতা তৌসিফ নাকি সত্যিকারের পাইলট, তা নিয়েও বিভ্রান্ত হয়েছেন।

চরিত্রের প্রয়োজনে তৌসিফকে পেশাদার পাইলটের আদলে সাজতে হয়েছে। সাদা শার্ট, গলায় টাই, কালো প্যান্ট, কালো ক্যাপ, বুকের ওপর পাইলটের ব্যাজ ও চোখে কালো চশমা, সব মিলিয়ে তার লুক ছিল বেশ বাস্তবসম্মত। একনজরে দেখলে তাকে অভিনেতা হিসেবে চেনার উপায়ও ছিল না।

সোমবার সকালে ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার ফ্লাইটে যাওয়ার পথে পাইলটের পোশাক পরে বিমানবন্দরে প্রবেশ করেন তৌসিফ। সেখানেই ঘটে মজার এক অভিজ্ঞতা। আশপাশের অনেকেই তাকে সত্যিকারের পাইলট ভেবে নেন।

অভিজ্ঞতা প্রসঙ্গে তৌসিফ মাহবুব বলেন, ‘অভিনয়জীবনে আমি অনেক চরিত্রে ঢোকার সুযোগ পাই। এই সুযোগটা যে কতটা আনন্দ দেয়, সেটা বলে বোঝাতে পারব না।’

পাইলটের সাজে বিমানবন্দরে প্রবেশের অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘যখন পাইলট সেজে পোশাক পরে ডমেস্টিক এয়ারপোর্টের ভেতরে প্রবেশ করি, আশপাশের মানুষ বুঝতেই পারেনি যে আমি তৌসিফ মাহবুব। পাইলটের মতোই সম্মান পাচ্ছিলাম। যারা নিয়মিত আমার কাজ দেখেন, তারাও কনফিউজড, আমি পাইলট নাকি অভিনেতা তৌসিফ মাহবুব! সবাই দুই-তিনবার করে আমার দিকে তাকাচ্ছিলেন। বিষয়টিতে আমি খুব মজা পেয়েছি।’

শুধু এই অভিজ্ঞতা নেওয়াই নয়, বিষয়টি উপভোগ করতে ইচ্ছা করেই কিছুটা সময় মানুষের মধ্যে ঘোরাঘুরি করেছেন এই অভিনেতা। তিনি বলেন, ‘এই মজাটা পাওয়ার জন্যই ইচ্ছা করে মানুষের মধ্যে গিয়ে ঘোরাঘুরি করেছি।’

পাইলটের পোশাকটি কীভাবে তৈরি করা হয়েছে, সেটিও জানিয়েছেন তৌসিফ। তার ভাষায়, ‘বাংলাদেশের পাইলটরা যেভাবে পোশাক পরেন, সেটি দেখে আমার বডির মাপ অনুযায়ী কাস্টমাইজ করে পোশাকটি বানিয়ে নিয়েছি।’

পাইলটের পোশাক পরার অনুভূতি নিয়েও কথা বলেছেন তিনি। তৌসিফ বলেন, ‘এই পোশাক পরে বুঝতে পারছি, এই পেশাটির সম্মান কতটা এবং এটি কতটা গর্বের। এই পোশাক পরার কারণে আমিও কিছুটা সম্মান পাচ্ছি।’

সম্পর্ক, ভালোবাসা ও আবেগের গল্পকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ‘ক্যাফে আমব্রেলা’। এটি একাধিক চরিত্রের সমান্তরাল গল্প। এতে তিন-চারটি আলাদা গল্প একে অপরের সঙ্গে যুক্ত হবে।

রোমান্স ও ড্রামা ঘরানার এই কনটেন্টের নামের সঙ্গে ‘ক্যাফে’ শব্দটি থাকলেও এটি কোনো রেস্টুরেন্ট বা খাবারকেন্দ্রিক গল্প নয়। বরং মানুষের সম্পর্ক, অনুভূতি ও আবেগের নানা দিক উঠে আসবে গল্পে।

বর্তমানে কক্সবাজার বিমানবন্দরসহ কয়েকটি লোকেশনে চলছে ‘ক্যাফে আমব্রেলা’র শেষ দিকের শুটিং। এতে তৌসিফ মাহবুবের বিপরীতে প্রথমবার অভিনয় করছেন লাক্স তারকা বিদুষী বর্ণিতা। এ ছাড়া অভিনয় করছেন নাযাহ নাওয়ার, আমিনা ইসলাম, পার্থ শেখ, আরেফিন জিলানিসহ আরও অনেকে।

জানা গেছে, শিগগিরই ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাবে ‘ক্যাফে আমব্রেলা’।

ডেল্টা টাইমস/আরএফ








  এই ক্যাটেগরির আরো সংবাদ