জুলাই শহীদদের অবদানেই ফ্যাসিবাদমুক্ত হয়েছে দেশের মানুষ : প্রধানমন্ত্রী

ডেল্টা টাইমস ডেস্ক:

জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, 'এ দেশের গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা পূরণে বর্তমান সরকার সম্পূর্ণ

2026-08-29T14:43:40+06:00
2026-08-29T14:43:40+06:00
শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩

জুলাই শহীদদের অবদানেই ফ্যাসিবাদমুক্ত হয়েছে দেশের মানুষ : প্রধানমন্ত্রী
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ২:৪৩ পিএম   (ভিজিট : ৭)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, 'এ দেশের গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা পূরণে বর্তমান সরকার সম্পূর্ণ অঙ্গীকারবদ্ধ।'

সরকারের পক্ষ থেকে গুম-খুনের শিকার এবং জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত ও শহীদ পরিবারগুলোর পাশে থাকার দৃঢ় আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী বলেন, 'সীমিত সম্পদের মধ্যেও আপনাদের পাশে থাকতে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে। আপনাদের যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তা কোনোভাবেই পূরণ করা সম্ভব নয়। তবুও আমরা আপনাদের সাথে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব।'

শনিবার (২৯ আগস্ট) দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

গুম-খুনের শিকার পরিবার এবং জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত ও শহীদ পরিবারের ৭৪ জন সদস্যের হাতে আনুষ্ঠানিকভাবে চাকরির নিয়োগপত্র প্রদান উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, 'আজকের এই অনুষ্ঠানটি আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। আমরা এমন কিছু মানুষকে স্মরণ করছি, যাদের আজ আমাদের মাঝে থাকার কথা ছিল, কিন্তু দুঃখজনকভাবে তারা নেই। তাঁদের এই মহান ত্যাগের বিনিময়েই আজ দেশের ২০ কোটি মানুষ ফ্যাসিস্ট শাসনব্যবস্থা থেকে মুক্তি পেয়েছে।

'আজ যারা আমাদের মধ্যে অনুপস্থিত, তারা কোথায় কী অবস্থায় আছেন—তা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আমাদের উচিত দু'হাত তুলে আল্লাহর দরবারে তাঁদের জন্য দোয়া করা, যাতে আল্লাহ তাঁদের সর্বোচ্চ ভালো অবস্থায় রাখেন।'

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে স্বাধীনতা-পরবর্তী বিভিন্ন সময়ের গণতান্ত্রিক সংগ্রাম এবং সর্বশেষ জুলাই গণ-অভ্যুত্থানে আত্মদানকারীদের কথা উল্লেখ করে সরকারপ্রধান বলেন, '১৯৭১ সালের বীর মুক্তিযোদ্ধা, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে বিভিন্ন সময়ে গুম-খুন ও নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিবর্গ এবং জুলাই আন্দোলনের শহীদ ও ক্ষতিগ্রস্তদের যে লক্ষ্য ও আকাঙ্ক্ষা ছিল, এই সরকার তা বাস্তবায়নে বদ্ধপরিকর। বিভিন্ন বাস্তবতার কারণে হয়তো অনেক সময় দ্রুত সবকিছু সম্ভব হয় না, কিন্তু আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।'

প্রধানমন্ত্রী বলেন, 'স্বাভাবিকভাবে বড় কিছু অর্জন করতে গিয়ে যাঁরা বড় ত্যাগ স্বীকার করেছেন, তাঁদের অনেকেই আজ আমাদের মাঝে নেই। যাঁরা আছেন, তাঁদের বলব—আপনারা এ দেশের মানুষের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন, বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। আপনারা যে লক্ষ্য ও উদ্দেশ্যে নিজেদের জীবন বাজি রেখেছেন, তা বাস্তবায়ন করতে বর্তমান সরকার সর্বোচ্চ চেষ্টা করবে।'

সংগ্রামীদের আত্মত্যাগকে সরকারের কাজের মূল প্রেরণা উল্লেখ করে তিনি বলেন, 'অনেকে বলতে পারেন, সরকার এই পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে। কিন্তু আমি বলব, আপনাদের এই ত্যাগ, সমর্থন ও সহযোগিতার কারণেই সরকার পূর্ণ উদ্যমে কাজ করার সাহস পাচ্ছে। আপনারাই আমাদের শক্তি ও উদ্দীপনার মূল উৎস।'

শহীদ পরিবারের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, 'আমরাও চাই আপনারা আমাদের সহযোগিতা করবেন, আমাদের উৎসাহ দেবেন—যাতে শহীদসহ সকল আত্মত্যাগী গণতান্ত্রিক যোদ্ধা দেশ ও জাতিকে নিয়ে যে প্রত্যাশা রেখেছেন, তা পূরণে আমরা কাজ করতে পারি। আপনাদের সর্বাত্মক সমর্থন যেন আমরা পাই।'

অনুষ্ঠানে গুম-খুনের শিকার এবং জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন। এ সময় তাঁরা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে নিজেদের অনুভূতি প্রকাশ করেন।











  এই ক্যাটেগরির আরো সংবাদ