সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাস করে। দলটি কখনো একা চলার রাজনীতি করে না; বরং সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়াই বিএনপির মূল শক্তি।
বুধবার (২৬ আগস্ট) সকালে দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলার বোয়ালদাড় স্কুল অ্যান্ড কলেজ মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বিএনপিকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে হবে। প্রতিটি পাড়া-মহল্লা ও গ্রামে দলের সাংগঠনিক ভিত্তি সম্প্রসারণের পাশাপাশি কর্মীসংখ্যা বৃদ্ধি ও সাধারণ মানুষের সঙ্গে দলের সম্পৃক্ততা আরও বাড়াতে হবে। নেতা-কর্মীদের আচরণ, সততা ও জনসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে হবে।

তিনি আরও বলেন, বিএনপি সবসময় অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে চায়। সমাজের অসুস্থ, দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের খোঁজখবর নেওয়া এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা নেতা-কর্মীদের নৈতিক দায়িত্ব। মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
শিক্ষার গুরুত্ব তুলে ধরে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, একটি উন্নত পরিবার, সমাজ ও রাষ্ট্র গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই। শুধু নিজের সন্তান নয়, প্রতিবেশীর সন্তানদের শিক্ষার প্রতিও সবাইকে নজর দিতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনা অনুযায়ী শিক্ষাবান্ধব, মানবিক ও সমৃদ্ধ সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, মানুষের সুখে-দুঃখে পাশে থেকে তাদের আস্থা ও ভালোবাসা অর্জন করতে হবে। দলীয় কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক ও মানবিক কাজে সক্রিয় ভূমিকা রাখতে হবে।
সভা শেষে তিনি বলেন, “আসুন, আমরা সবাই মিলে একটি সুন্দর, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি।”
ডেল্টা টাইমস/তাছির উদ্দিন বাপ্পি/সিআর/এমই