প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ১০:২৮ এএম (ভিজিট : ১)

ভারতের হাসপাতালে আগুন, প্রাণ গেল ৩ নবজাতকের
মহারাষ্ট্রের অমরাবতীর একটি সরকারি হাসপাতালে আগুনে পুড়ে ও ধোঁয়ায় শ্বাসকষ্টে তিন নবজাতকের মৃত্যু হয়েছে। সোমবার (২৪ আগস্ট) ভোরে অমরাবতী জেলা মহিলা হাসপাতালে এ দুর্ঘটনা ঘটে।
হাসপাতাল কর্তৃপক্ষের বরাতে এনডিটিভি জানিয়েছে, ভোর সাড়ে ৩টার দিকে হাসপাতালের তৃতীয় তলায় একটি ভেন্টিলেটর বিস্ফোরণের পর আগুনের সূত্রপাত হয়। সে সময় বিশেষ নবজাতক পরিচর্যা ইউনিটে (এসএনসিইউ) ৩৯টি শিশু চিকিৎসাধীন ছিল।
আগুন লাগার পর চিকিৎসক, নার্স ও হাসপাতালের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে শিশুদের সরিয়ে নেওয়ার কাজ শুরু করেন। চিকিৎসা সরঞ্জাম বিচ্ছিন্ন করে নবজাতকদের আগুনে আক্রান্ত এলাকা থেকে নিরাপদ স্থানে নেওয়া হয়।
তবে গুরুতর দগ্ধ ও ধোঁয়ায় আক্রান্ত তিন নবজাতক মারা যায়। গুরুতর অবস্থায় আরও ছয় শিশুকে চিকিৎসার জন্য কাছের একটি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ঘটনার পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেন। দুর্ঘটনার কারণ ও সম্ভাব্য প্রশাসনিক গাফিলতি খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্তের ঘোষণা দেওয়া হয়েছে।
কংগ্রেস নেতা ও সাবেক মন্ত্রী যশোমতী ঠাকুর অভিযোগ করেছেন, হাসপাতালের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা যথাযথ ছিল না। তার দাবি, অগ্নিনির্বাপণ সরঞ্জামের ঘাটতির কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়তে পারে।
অমরাবতীর জেলা অভিভাবক ও রাজস্বমন্ত্রী চন্দ্রশেখর বাওয়ানকুলে ঘটনায় গভীর শোক প্রকাশ করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন। - সূত্র: এনডিটিভি
ডেল্টা টাইমস/সিআর/এমই