মালয়েশিয়ায় বাংলাদেশিদের টার্গেট করে দেহব্যবসা, আটক ২৩
আন্তর্জাতিক ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৫:১৪ পিএম (ভিজিট : ০)

সংগৃহীত ছবি
বাংলাদেশিদের লক্ষ্য করে বিদেশি নারীদের দিয়ে দেহব্যবসা পরিচালনার অভিযোগে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ২৩ জনকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।
বৃহস্পতিবার (২০ আগস্ট) মালয়েশিয়ার স্থানীয় সংবাদমাধ্যম দ্য সান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সামাজিকমাধ্যম ব্যবহার করে বাংলাদেশিদের টার্গেট করে একটি চক্র দেহব্যবসার জন্য ক্রেতা সংগ্রহ করছিল। এ কাজে প্রতিবার ৪০০ রিঙ্গিত পর্যন্ত নেওয়া হতো।
ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানান, গোপন তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার জালান কুচাই লামার একটি আবাসিক ভবন এবং জালান গেলুগরের একটি বাণিজ্যিক ভবনে অভিযান চালানো হয়। এর আগে দুই সপ্তাহ ধরে ওই দুটি স্থানে নজরদারি চালানো হয়েছিল।
অভিযানে মিয়ানমারের তিন পুরুষসহ ২৩ জনকে আটক করা হয়। আটক নারীদের মধ্যে তিনজন বাংলাদেশি, ১৪ জন ইন্দোনেশীয়, দুজন ভিয়েতনামি এবং একজন মিয়ানমারের নাগরিক। প্রাথমিক তদন্তে তাদের কারও বৈধ অভিবাসন নথি পাওয়া যায়নি।
জাকারিয়া শাবান বলেন, একজন বাংলাদেশি পুরুষ ও একজন থাই নারী চক্রটির মূল কারিগর। তারা নারীদের পাসপোর্ট নিজেদের কাছে রেখে দেহব্যবসায় বাধ্য করছিলেন। এ ঘটনায় মালয়েশিয়ার এক ব্যক্তিকেও আটক করা হয়েছে, যিনি ওই দুটি স্থাপনা নিয়ন্ত্রণ ও পাহারার দায়িত্বে ছিলেন।
তিনি জানান, আবাসিক ভবনে ৬০ মিনিটের জন্য ২০০ রিঙ্গিত এবং বাণিজ্যিক ভবনে ৯০ মিনিটের জন্য ২৬০ থেকে ৪০০ রিঙ্গিত নেওয়া হত। গত দুই মাস ধরে এ কার্যক্রম চলছিল।