রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ২:৪২ পিএম আপডেট: ১৯.০৮.২০২৬ ৩:১৫ পিএম (ভিজিট : ৭)

আগামীকাল হতে যাওয়া রাষ্ট্রপতি নির্বাচন নির্বিঘ্নে অনুষ্ঠিত হবে। এ ক্ষেত্রে আইনি কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
বুধবার (১৯ আগস্ট) অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
এর আগে গত ১৮ আগস্ট সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা এবং রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল স্থগিত চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট। বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মামুন চৌধুরী ও আখতার হোসেন মো. আব্দুল ওয়াহাব।
এর আগে গত ১৩ আগস্ট এই রিট করেন আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ।
সংবিধানের ৭০ অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো নির্বাচনে কোনো রাজনৈতিক দলের প্রার্থীরূপে মনোনীত হয়ে কোনো ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হলে তিনি যদি—(ক) ওই দল থেকে পদত্যাগ করেন, অথবা (খ) সংসদে ওই দলের বিপক্ষে ভোটদান করেন, তাহলে সংসদে তার আসন শূন্য হবে, তবে তিনি সেই কারণে পরবর্তী কোনো নির্বাচনে সংসদ সদস্য হওয়ার অযোগ্য হবেন না।
পরে রিটকারী আইনজীবী জানান, ৭০ অনুচ্ছেদের কারণে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দিতে পারেন না। তাদের গণতান্ত্রিক অধিকার ব্যাহত হয়।