ধানমন্ডিতে শ্রদ্ধা জানাতে গিয়ে গ্রেপ্তার, আগের মামলায় দুই নারী কারাগারে
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৬:৫৩ পিএম (ভিজিট : ০)

১৫ আগস্টে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে গিয়ে ধানমন্ডি ৩২ নম্বর থেকে গ্রেপ্তার হওয়া দুই নারীকে ৬ মাস আগের সন্ত্রাস বিরোধী আইনের এক মামলায় কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
রোববার (১৬ অগাস্ট) শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
কারাগারে যাওয়া দুই নারী হলেন- সুমা বড়াল ওরফে ডলি এবং জান্নাতুল ফেরদৌস ওরফে জান্নাত।
প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক আবুল বাশার এতথ্য নিশ্চিত করেন।
গত ১৫ আগস্ট রাতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে গেলর ধানমন্ডি ৩২ নম্বর থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। আজ মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার উপ-পরিদর্শক আবু সোলায়মান সুমন দুই আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।
সুমা বড়ালের পক্ষে তার আইনজীবী লিটন মিয়া এবং জান্নাতের পক্ষে আইনজীবী গাজী ফয়সাল ইসলাম জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার অভিযোগে বলা হয়, পুলিশ গোপন সংবাদে জানতে পারে, গত ২৭ ফেব্রুয়ারি ভোর ৬ টার দিকে কার্যক্রম নিষিদ্ধ মহিলা আওয়ামী লীগের ২০/২৫ জন ধানমন্ডির ৩ নং রোডে প্ল্যাকার্ড হাতে সরকার বিরোধী মিছিল করার জন্য সমবেত হচ্ছে। সোয়া ৬ টার দিকে পুলিশ সেখানে পৌঁছায়। পুলিশ সেখানে থেকে কয়েকজনকে আটক করে। বাকিরা পালিয়ে যায়। আটক আসামিরা পুলিশের কাছে স্বীকার করে, বাংলাদেশ সরকারকে উৎখাতের জন্য বিভিন্ন ধরণের রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রসহ অপ-প্রচারের উদ্দেশ্যে সেখানে সমবেত হয়ে মিছিল করছিল। ওই ঘটনায় ধানমন্ডি থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলাটি দায়ের করা হয়। এই মামলায় সন্দেহভাজন আসামি হিসাবে তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হলো।