কর্নেল অলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ১:১২ পিএম আপডেট: ০৯.০৮.২০২৬ ১:২১ পিএম (ভিজিট : ১১)

বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ১১ দলীয় ঐক্যের নেতারা
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে কর্নেল (অব.) অলি আহমেদের নাম ঘোষণা করা হয়েছে।
রোববার (৯ আগস্ট) দুপুরে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে জোটের শীর্ষ নেতাদের বৈঠক শেষে এ তথ্য জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। জোটের শীর্ষ নেতাদের সম্মতিতে কর্নেল অলি আহমেদকে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
এর আগে ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অংশ নেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার এবং ১১ দলীয় জোটের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদ।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন এমডিপির কর্নেল (অব.) অলি আহমদ, জাগপার রাশেদ প্রধান, খেলাফত মজলিসের মামুনুল হক, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এবং নাসিরুদ্দিন পাটোয়ারী।
এর আগে শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তের কথা জানায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ডেল্টা টাইমস/সিআর/এমই