জ্বালানি তেলে বেসরকারি বিনিয়োগের দুয়ার খুলছে সরকার দেশে নিরবচ্ছিন্ন ও নিরাপদ জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে বেসরকারি পর্যায়ে পরিশোধিত জ্বালানি তেল আমদানি, সংরক্ষণ, পরিবহন, বিতরণ ও বিপণন নিয়ে একটি নীতিমালার খসড়া প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। তবে প্রস্তাবিত এই নীতিমালার মাধ্যমে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা গোষ্ঠীকে বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।
শনিবার (৮ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিভাগের উপপ্রধান তথ্য কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রস্তাবিত ‘বেসরকারি পর্যায়ে পরিশোধিত জ্বালানি আমদানিপূর্বক সংরক্ষণ, পরিবহন, বিতরণ ও বিপণন নীতিমালা, ২০২৬’-এর মূল উদ্দেশ্য দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং নিরবচ্ছিন্ন সরবরাহব্যবস্থা বজায় রাখা। একই সঙ্গে স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক বাজারব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে জরুরি বা সংকটকালীন পরিস্থিতিতে বিদ্যমান সরকারি ব্যবস্থার পাশাপাশি বেসরকারি খাতের অবকাঠামো ও বিনিয়োগ সক্ষমতাকে জাতীয় স্বার্থে কাজে লাগানো এ নীতিমালার অন্যতম লক্ষ্য।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জ্বালানি খাতের সংশ্লিষ্ট সব অংশীজনের মতামত ও পরামর্শ গ্রহণের পর নীতিমালাটি চূড়ান্ত করা হবে। জনস্বার্থ, জ্বালানি নিরাপত্তা, প্রতিযোগিতামূলক বাজারব্যবস্থা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা সম্ভব হলেই এ ধরনের নীতিমালা প্রণয়নের বিষয়টি বিবেচনা করা হবে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে, নীতিমালাটি এখনো প্রণয়ন প্রক্রিয়ার মধ্যে রয়েছে। ফলে এর মাধ্যমে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা গোষ্ঠীকে বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই।
সম্প্রতি প্রস্তাবিত নীতিমালা নিয়ে কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে অনুমাননির্ভর ও অসত্য তথ্য প্রকাশ করা হচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।