প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৪:৪৫ পিএম (ভিজিট : ৩)

বর্ষার মাঝামাঝি সময়ে চলতি আগস্ট মাসজুড়ে দেশজুড়ে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি মৌসুমি লঘুচাপ বা নিম্নচাপ সৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
উজানে ভারী বৃষ্টির প্রভাবে দেশের উত্তরাঞ্চল, সিলেট ও ময়মনসিংহ অঞ্চলে প্লাবনের ঝুঁকি রয়েছে। এছাড়া অতিভারী বৃষ্টির কারণে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের নিম্নাঞ্চলে সাময়িক জলাবদ্ধতা দেখা দিতে পারে। তবে এ মাসে কোনো ঘূর্ণিঝড় বা তীব্র তাপপ্রবাহের আশঙ্কা নেই। যদিও বৃষ্টির বিরতিতে আর্দ্রতাজনিত ভ্যাপসা গরম জনজীবনে অস্বস্তি সৃষ্টি করতে পারে।
শনিবার (১ আগস্ট) বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) প্রকাশিত আগস্ট মাসের আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে আকাশ অধিকাংশ সময় মেঘাচ্ছন্ন থাকতে পারে। উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে টানা রোদ ওঠার সম্ভাবনা কম। খুলনা, বরিশাল ও চট্টগ্রামে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও রংপুর, সিলেট, ময়মনসিংহ এবং চট্টগ্রামের দক্ষিণাঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এতে উত্তরাঞ্চল ও উজান এলাকায় নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। তবে এ সময় সমুদ্র মোটামুটি শান্ত থাকার সম্ভাবনা রয়েছে।
দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় বঙ্গোপসাগরে একটি মৌসুমি লঘুচাপ বা নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর উত্তাল হয়ে সমুদ্রবন্দরে সতর্ক সংকেত জারি হতে পারে।
এছাড়া পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণের কারণে পাহাড়ধসের ঝুঁকি বাড়বে। উজান থেকে নেমে আসা পানির কারণে উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতিরও সৃষ্টি হতে পারে। এই সপ্তাহে একটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ঘটলেও তা বাংলাদেশ থেকে দেখা যাবে না।
দেশের অধিকাংশ এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। এক বা একাধিক মৌসুমি বৃষ্টিবলয় সক্রিয় থাকায় সিলেট, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও রংপুর বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। ফলে একাধিক নদ-নদীর পানি বিপৎসীমা অতিক্রম করার আশঙ্কা রয়েছে।
মাসের শেষ সপ্তাহেও দক্ষিণ ও পূর্বাঞ্চলে মৌসুমি বৃষ্টিবলয় সক্রিয় থাকতে পারে। খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে সমুদ্র উত্তাল থাকতে পারে এবং বঙ্গোপসাগরে আরও একটি মৌসুমি লঘুচাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে, আগামী ২৮ আগস্ট একটি চন্দ্রগ্রহণ সংঘটিত হবে। তবে সেটিও বাংলাদেশ থেকে দৃশ্যমান হবে না।