
জুলাই আন্দোলনের সময় যাদের একদিনও দেখা যায়নি, তারাই পরবর্তীতে আন্দোলনের নেতৃত্বদানকারী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার চেষ্টা চালিয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, ২০২৬ সালের নির্বাচনে জনগণ তাদের সেই দাবি প্রত্যাখ্যান করেছে।
বুধবার (২৯ জুলাই) সকালে ঢাকা কলেজে আয়োজিত ‘শাশ্বত জুলাই’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান কোনো একক রাজনৈতিক দলের কৃতিত্ব নয়, বরং এটি জাতীয় অর্জন। এটি ছিল জাতীয় অধিকার প্রতিষ্ঠার লড়াই এবং দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রামের চূড়ান্ত ফসল।’
তিনি আরও বলেন, ‘জুলাইয়ে ছাত্র, জনতা ও সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়েছে, যার সূচনা করেছিল বিএনপি। বিএনপির নেতৃত্বে সব শ্রেণির মানুষ একত্রিত হয়ে জুলাইয়ে ফ্যাসিবাদের পতন নিশ্চিত করে। আর সে কারণেই ২৬-এর নির্বাচনে জনগণ বিএনপিকে নির্বাচিত করেছে।’