শাহজালাল বিমানবন্দরে হারিয়ে যাওয়া শিশুকে উদ্ধার, স্বজনের কাছে হস্তান্তর
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৮:৩০ পিএম (ভিজিট : ৪)

যরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হারিয়ে যাওয়া ছয় বছর বয়সী এক শিশুকে উদ্ধার করে পরিচয় নিশ্চিতের পর তার স্বজনের কাছে হস্তান্তর করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।
সোমবার সকালে বিমানবন্দরের বহুতল কার পার্কিং এলাকায় এ ঘটনা ঘটে। পরে বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
আনসার জানায়, সকাল সাড়ে ৯টার কিছু আগে বিমানবন্দরের বহুতল কার পার্কিং এলাকায় দায়িত্ব পালনকালে আনসার সদস্য মো. মিজানুর রহমান কান্নারত ও অভিভাবকবিহীন অবস্থায় মো. আব্দুল্লাহ মাতব্বর (৬) নামের এক শিশুকে দেখতে পান। শিশুটি ইতালিপ্রবাসী মোহাম্মদ আজিজুল ইসলামের ছেলে। নিরাপত্তার স্বার্থে তিনি তাৎক্ষণিকভাবে শিশুটিকে নিজের হেফাজতে নেন।
পরে বিষয়টি শিফট ইনচার্জ পিসি মো. নিজাম উদ্দিনকে জানানো হলে তিনি ঘটনাস্থলে গিয়ে শিশুটির কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে স্বজনদের খোঁজ শুরু করেন। একই সঙ্গে বিমানবন্দরে মাইকিং করে শিশুটির পরিবারের সদস্যদের খোঁজ করা হয়।
একপর্যায়ে বিমানবন্দরের ক্যানোপি-২ এলাকা থেকে শিশুটির মামা মো. সুমন মাতব্বরকে শনাক্ত করা হয়। পরে ডিএসও কার্যালয়ে প্রয়োজনীয় পরিচয় যাচাই-বাছাই শেষে কর্তৃপক্ষের উপস্থিতিতে শিশুটিকে তার মামার কাছে হস্তান্তর করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শিশুটিকে ফিরে পেয়ে তার স্বজনরা আনসার সদস্যদের তাৎক্ষণিক তৎপরতা, দায়িত্বশীলতা ও মানবিক ভূমিকার প্রশংসা করেন এবং কৃতজ্ঞতা জানান।