সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে: ফখরুল

সারাদেশ

সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

2026-07-27T12:38:28+06:00
2026-07-27T12:43:20+06:00
সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে: ফখরুল
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ১২:৩৮ পিএম  আপডেট: ২৭.০৭.২০২৬ ১২:৪৩ পিএম  (ভিজিট : ১৪)

 সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (২৭ জুলাই) রংপুর বাস টার্মিনাল এলাকায় নির্মিত বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড-বিআরডিবি’র বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন শেষে গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন। 

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হবে।  মন্ত্রী আরও বলেন, যারা বিএনপিকে ফ্যাসিবাদ বলে, তাদের জ্ঞানের অভাব রয়েছে। বিএনপি গণতান্ত্রিক দল আর জামায়াতে ইসলামী গণতান্ত্রিক দল কি না তা তাদের দলের নেতারাই বিবেচনা করবেন।

মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। জামায়াতে ইসলামীর আমির সাহেব তার দলের গঠনতন্ত্র ভালো করে পড়ুন। তাহলে কী ব্যবস্থা হবে, সেটা দেখা যাবে। তারা গণতান্ত্রিক দল কি না, সেটা তারাই বিবেচনা করবেন।’

তিনি বলেন, “বিএনপি একটি উদারপন্থি গণতান্ত্রিক রাজনৈতিক দল। দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে জনগণের ভালোবাসায় তাদের ভোট নিয়ে সংসদে দুই তৃতীয়াংশ আসন লাভ করে সরকার গঠন করেছে। বিএনপি পাঁচবার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে। কিন্তু বিএনপিকে যারা ‘ফ্যাসিস্ট’ বলেন তাদের হয় জ্ঞানের অভাব আছে অথবা তাদের ‘মাইন্ড সেট’ এভাবে তৈরি হয়েছে।”

রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমদ দায়িত্ব পালন করছেন। সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থী মনোনয়ন দেওয়া হবে। 

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের বিষয়ে তিনি বলেন, ‘এটা আমাদের করার কিছু নাই। এটা সম্পূর্ণভাবে নির্বাচন কমিশন করবে। আর আমাদের যেহেতু স্থানীয় সরকারের বিষয় আছে, এ বিষয়টা আমরা মন্ত্রণালয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেব।’

সরকারের দায়িত্ব গ্রহণের চার মাস ৩০ দিনের মধ্যে কৃষি খাতে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘কৃষকদের সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ মওকুফ করা হয়েছে। প্রধানমন্ত্রী কৃষিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার ঘোষণা দিয়েছেন। কৃষিকে লাভজনক করতে কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, বাজারজাতকরণ ও কৃষিভিত্তিক শিল্পের বিকাশে সরকার কাজ করছে বলেও জানান তিনি।’

অনুষ্ঠানে রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, ভারপ্রাপ্ত সদস্য সচিব অধ্যাপক পরিতোষ চক্রবর্তী, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে দুদিনের সফরে সকালে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছে তিনি রংপুর সার্কিট হাউসে যান। পরে বিভাগীয় পল্লী উন্নয়ন একাডেমি উদ্বোধন, পল্লি মেলা পরিদর্শন, বিআরডিবির বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন, সুফলভোগীদের মধ্যে গাছের চারা, ক্ষুদ্র উদ্যোক্তা ঋণ এবং কিশোরীদের প্রণোদনার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন। 

ডেল্টা টাইমস/সিআর/এমই 








  এই ক্যাটেগরির আরো সংবাদ