বিশ্বকাপে চোখ রেখে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়ায় খেলবে ‘দ্বিতীয় সেরা দল’

ডেল্টা টাইমস ডেস্ক:

খেলাধুলা

বিশ্বকাপ ফুটবলের মধ্যেও বাংলাদেশ ক্রিকেট দলের খেলা ছিল। জিম্বাবুয়েতে এক ম্যাচের টেস্ট আর সমান তিনটি করে ওয়ানডে ও

2026-07-23T09:54:07+06:00
2026-07-23T09:54:07+06:00
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩

বিশ্বকাপে চোখ রেখে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়ায় খেলবে ‘দ্বিতীয় সেরা দল’
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৯:৫৪ এএম   (ভিজিট : ৭)

বিশ্বকাপ ফুটবলের মধ্যেও বাংলাদেশ ক্রিকেট দলের খেলা ছিল। জিম্বাবুয়েতে এক ম্যাচের টেস্ট আর সমান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলে গতকাল ২২ জুলাই সকালেই দেশে ফিরলো টাইগাররা।

একে তো প্রতিপক্ষ বিশ্ব ক্রিকেটের দুর্বলতম শক্তি জিম্বাবুয়ে, তার ওপর বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা ও আকর্ষণ-দুয়ে মিলে টিম বাংলাদেশের ৩ ফরম্যাটের জিম্বাবুয়ে সফর ঢাকা পড়ে গিয়েছিল। সে অর্থে টাইগারদের জিম্বাবুয়ে সফর নিয়ে কারও তেমন উৎসাহ ছিল না।

কিন্তু বিশ্বকাপ শেষ হতেই বাংলাদেশের ক্রীড়া অনুরাগীরা নড়েচড়ে বসেছেন। বিশেষ করে বাংলাদেশের খেলাপ্রেমীদের যে অংশ ক্রিকেটভক্ত, তারা আবার ক্রিকেট ও ক্রিকেটারদের খোঁজখবর নিতে শুরু করেছেন।

তাদের জন্য কিছু তাজা খবরও আছে। খুব শিগগিরই সরব হচ্ছে বাংলাদেশের ক্রিকেট। বাংলাদেশ জাতীয় দল, ‘এ’ দল, ইমার্জিং টিম আর এইচপি আগামী ২ মাস ব্যাপক ব্যস্ত সময় কাটাবে।

সবচেয়ে বড় খবর হলো, দীর্ঘ প্রায় দুই যুগ (২৩ বছর) পর আবার অস্ট্রেলিয়ায় টেস্ট খেলবে বাংলাদেশ। ২ ম্যাচের সে টেস্ট সিরিজ দরজায় কড়া নাড়ছে। আগামী মাসে, মানে আগস্টেই ২ টেস্টের সিরিজ খেলতে অস্ট্রেলিয়া যাবে বাংলাদেশ। অস্ট্রেলিয়া সফরে ওই দুটি টেস্ট ম্যাচই শুধু খেলবে টাইগাররা। আগামী ১৩ আগস্ট প্রথম টেস্ট শুরু। আর দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে ২২ আগস্ট থেকে। ওই সিরিজ খেলতে ১ আগস্ট অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে যাত্রা করবে বাংলাদেশ টেস্ট দল।

সেই সিরিজের আগে ও পরে বাংলাদেশের দ্বিতীয় সেরা দল, মানে ‘এ’ দল, ইমার্জিং ও এইচপির তরুণ ক্রিকেটারদেরও তিনটি গুরুত্বপূর্ণ সফর আছে।

প্রথম সফরটি করবে বাংলাদেশ ইমার্জিং টিম। তারা যাবে দক্ষিণ আফ্রিকায়। আগামী ২৭ জুলাই দক্ষিণ আফ্রিকায় যাবে বাংলাদেশের ইমার্জিং দল। আপাতত ‘ইমার্জিং টিম’ শোনা গেলেও খোঁজ নিয়ে জানা গেছে, দলটির নামকরণ চূড়ান্ত হয়নি। বিসিবির গেম ডেভেলপমেন্টে কথা বলে নিশ্চিত হওয়া যায়নি, আসলে দক্ষিণ আফ্রিকায় ঠিক কী নামে খেলবে বাংলাদেশ দলটি। যে নামেই যাক না কেন, বাংলাদেশের যে দলটি যাবে, সেই দল কার সঙ্গে কয় ম্যাচ খেলবে, তা নিশ্চিত হওয়া গেছে।

আগামী ২০২৭ সালের অক্টোবর-নভেম্বরে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে আর নামিবিয়ায় হবে পরবর্তী ওয়ানডে বিশ্বকাপ। হাবভাবে বোঝা যাচ্ছে, এখন থেকেই তার প্রস্তুতি শুরু করতে চাচ্ছে বিসিবি। তাই বাংলাদেশ ‘এ’ দল ও ইমার্জিং দল নামে দুটি দল খুব শিগগিরই দক্ষিণ আফ্রিকায় খেলতে যাবে।

দক্ষিণ আফ্রিকার মাটিতে টাইগার ইমার্জিং টিম প্রথম খেলবে একটি ওয়ানডে টুর্নামেন্ট। যেখানে স্বাগতিকদের ইমার্জিং টিমসহ ইউএসএস আইরিন কান্ট্রি ক্লাবের সঙ্গে মোট ৫টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ইমার্জিং দল। ৩০ জুলাই ওই প্রতিযোগিতা শুরু হলেও বাংলাদেশের প্রথম ম্যাচ ১ আগস্ট। প্রতিপক্ষ সাউথ আফ্রিকান ইমার্জিং টিম।

ওই ৩ দলের ওয়ানডে টুর্নামেন্ট শেষে দক্ষিণ আফ্রিকান ইমার্জিং টিমের সঙ্গে দুটি ৪ দিনের ম্যাচও খেলবে বাংলাদেশ দল। বেনোনিতে শেষ ৪ দিনের ম্যাচ শেষে ২৮ আগস্ট দেশের উদ্দেশ্যে যাত্রা করবে বাংলাদেশ দল।

এদিকে ইমার্জিং দলের দক্ষিণ আফ্রিকা সফর শেষ হওয়ার আগেই (মানে ৪ দিনের ম্যাচ শেষ হওয়ার আগেই) একই দেশে সফর করবে বাংলাদেশ ‘এ’ দল। দক্ষিণ আফ্রিকার মাটিতে স্বাগতিক ‘এ’ দলের সঙ্গে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ ও দুটি ৪ দিনের ম্যাচও খেলবে বাংলাদেশ ‘এ’ দল।

ওদিকে আগামী ১৫ আগস্ট অস্ট্রেলিয়া যাবে বাংলাদেশ হাই পারফরম্যান্স টিম। অস্ট্রেলিয়ার মাটিতে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে অংশ নেবে বাংলাদেশ এইচপি দল। আগামী ২০-৩০ আগস্ট চলবে ওই আসর। যেখানে এবার নিউজিল্যান্ড ও নেপালের এইচপি দলও অংশ নেবে।

২২ আগস্ট নেপালের সঙ্গে প্রথম ম্যাচ বাংলাদেশের। পরের খেলাগুলো হলো ২৩ আগস্ট হ্যারিকেন্সের সঙ্গে। ভিক্টোরিয়ার বিপক্ষে ম্যাচটি হবে ২৪ আগস্ট। এরপর নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচটি হবে ২৭ আগস্ট। আর এইচপির শেষ ম্যাচ ২৮ আগস্ট এনটি স্ট্রাইকের সঙ্গে।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ