
রাজধানীর সদরঘাটে সুন্দরবন-১২ লঞ্চের ধাক্কায় কুমিল্লাগামী একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় নিখোঁজ দুই যাত্রীর সন্ধান পেয়েছে ফায়ার সার্ভিস। নিখোঁজ দুজনই সাঁতরে নদীর অন্য পাশে উঠেছেন বলে জানিয়েছে সংস্থাটি।
রোববার (১৯ জুলাই) ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, নিখোঁজ দুজন নদীর অন্য পাশে সাঁতরে উঠেছিলেন। তাদের কাছে মোবাইল ফোন না থাকায় পরবর্তীতে তারা পরিবারের মাধ্যমে ট্রলারের মালিককে জানান, আর ট্রলারমালিক বিষয়টি নিশ্চিত করেন। এ ঘটনায় অন্য কোনো নিখোঁজের অভিযোগ না থাকায় ফায়ার সার্ভিস সদস্যরা স্টেশনে ফিরে এসেছেন।
এর আগে ট্রলার ডুবির পরপরই আনোয়ারুল ইসলাম জানিয়েছিলেন, সকাল সাড়ে ৯টার দিকে সদরঘাট এলাকার শ্যামবাজার ঘাটে লঞ্চের ধাক্কায় একটি ট্রলার ডুবে যাওয়ার সংবাদ পান তারা। এরপর ৯টা ৫০ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছে সদরঘাট নদী ফায়ার স্টেশনের একটি ইউনিট উদ্ধারকাজ শুরু করে। সে সময় ট্রলারের দুই যাত্রী নিখোঁজ ছিলেন বলে জানানো হয়েছিল, পরে তাদের সন্ধান পাওয়ার বিষয়টি জানানো হয়।