প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ১:৩৮ পিএম (ভিজিট : ১১)

ইসরায়েলে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত রাব্বি শিমন অ্যাক্সেল ওয়াহনিশের সঙ্গে বৈঠক করেন নেতানিয়াহু।
বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনার প্রতি প্রকাশ্য সমর্থন জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইর সঙ্গে বন্ধুত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, শুধু তিনি নন, তাঁর বিশ্বাস, ইসরায়েলের বেশির ভাগ মানুষই ফাইনালে আর্জেন্টিনার পক্ষেই থাকবেন।
আজ নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। সেই ম্যাচের আগের দিন ইসরায়েলে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত রাব্বি শিমন অ্যাক্সেল ওয়াহনিশের সঙ্গে বৈঠক করেন নেতানিয়াহু।
বৈঠকে রাষ্ট্রদূত ওয়াহনিশ নেতানিয়াহুকে আর্জেন্টিনা জাতীয় দলের একটি জার্সি উপহার দেন। একই সঙ্গে শোনান আর্জেন্টিনার প্রেসিডেন্ট মিলেইর পাঠানো একটি অডিও বার্তা। সেখানে মিলেই বলেন, ‘আপনি আমার বন্ধু, সব সময় আমাদের সমর্থন করেন। আমি জেনে খুব খুশি হয়েছি যে আপনি আমার কারণে আর্জেন্টিনাকে সমর্থন করছেন।’
এর জবাবে নেতানিয়াহু বলেন, ‘হাভিয়ের, তুমি একজন বন্ধু। সত্যিকারের বন্ধু। আমরা তোমার পাশে আছি, নানা ক্ষেত্রেই আর্জেন্টিনাকে সমর্থন করছি, আগামীকালও করব। শুভকামনা।’
পরে রাষ্ট্রদূতের সঙ্গে আলাপকালে নেতানিয়াহু নিজের সমর্থনের বিষয়টি আরও স্পষ্ট করে বলেন, ‘আমি এটা লুকাই না যে আমি আর্জেন্টিনার সমর্থক। আমার মনে হয়, ইসরায়েলের বেশির ভাগ নাগরিকও আর্জেন্টিনাকেই সমর্থন করছেন। শুভকামনা! ভামোস আর্জেন্টিনা।’
বিশ্বকাপ ফাইনালে লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা টানা দ্বিতীয় এবং নিজেদের চতুর্থ বিশ্বকাপ শিরোপার লক্ষ্যে মাঠে নামবে। অন্যদিকে ২০১০ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের লক্ষ্য স্পেনের।
আর্জেন্টিনা ও ইসরায়েলের বর্তমান সরকারের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের প্রতিফলন আগেও দেখা গেছে। প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই ইসরায়েলের প্রতি প্রকাশ্য সমর্থন জানিয়ে আসছেন মিলেই।
ডেল্টা টাইমস/সিআর/এমই