
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাথার দাম এক কোটি ডলার ঘোষণা করেছে ইরাকের সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক (আইআরআই)। বাংলাদেশি মুদ্রায় এই পুরস্কারের পরিমাণ প্রায় ১২৩ কোটি ১২ লাখ টাকা।
ইরানপন্থি সংগঠনটি গত বৃহস্পতিবার জানিয়েছে, ট্রাম্পকে কেউ হত্যা করতে পারলে তাকে পুরস্কার হিসেবে এই অর্থ দেওয়া হবে।
ট্রাম্পকে অপরাধী হিসেবে উল্লেখ করে এক বিবৃতিতে ইসলামিক রেজিস্ট্যান্স বলেছে, তাদের সদস্য ও সমর্থকদের কাছ থেকে পাওয়া অনুদানের অর্থ দিয়ে এক কোটি ডলারের এই পুরস্কার বরাদ্দ করা হয়েছে। যে ব্যক্তি, প্রতিষ্ঠান বা গোষ্ঠী ট্রাম্পকে হত্যা করবে, তারাই এই পুরস্কার পাবে বলে জানানো হয়েছে বিবৃতিতে।
বিবৃতিতে সংগঠনটি বলেছে, বিশ্বের স্বাধীনতাকামী মানুষ শিশু ও বিজ্ঞানীদের হত্যাকারীকে খুঁজে বের করার প্রচেষ্টা চালিয়ে যাবে এবং স্বৈরাচারীরা কখনো শান্তি পাবে না। তাদের ভাষায়, সম্মানিত মানুষের ক্ষোভ থেকে ট্রাম্প কোনো নিরাপদ আশ্রয় খুঁজে পাবেন না।
যোদ্ধাদের জন্য প্রতিশোধ নেওয়াকে ‘বাধ্যতামূলক অঙ্গীকার’ হিসেবে অভিহিত করেছে ইসলামিক রেজিস্ট্যান্স। সংগঠনটি সতর্ক করে বলেছে, শহীদদের রক্ত অভিশাপ হয়ে অহংকারীদের সিংহাসন কাঁপিয়ে দেবে, যতক্ষণ না আগ্রাসনকারীরা পরাজিত হয় এবং স্বৈরাচারের দুর্গগুলো ধসে পড়ে।
এদিকে গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি ওয়াশিংটনে হোয়াইট হাউসে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদির সঙ্গে বৈঠকে ট্রাম্প জানান, ২০২০ সালে ইরানের জ্যেষ্ঠ সামরিক কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি ও ইরাকি মিলিশিয়া নেতা আবু মাহদি আল-মুহান্দিসকে হত্যায় তার ভূমিকা ছিল।
ট্রাম্পের এই প্রকাশ্য স্বীকারোক্তি ভালোভাবে নেয়নি ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স, আর এর পরপরই সংগঠনটি ট্রাম্পের মাথার এই মূল্য ঘোষণা করে।