ঢাকায় ১৭ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড

ডেল্টা টাইমস ডেস্ক:

আবহাওয়া ও পরিবেশ

অতিভারী বৃষ্টিতে রাজধানীর জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রায় ১৭ বছর পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করেছে বাংলাদেশ

2026-07-12T20:30:38+06:00
2026-07-12T20:30:38+06:00
রবিবার, ১২ জুলাই, ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩

ঢাকায় ১৭ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ৮:৩০ পিএম   (ভিজিট : ১১)

অতিভারী বৃষ্টিতে রাজধানীর জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রায় ১৭ বছর পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ১৭৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

রোববার (১২ জুলাই) সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ঢাকায় ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এর আগে ২০০৯ সালে ঢাকায় একদিনে সর্বোচ্চ ৩৩৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছিল। এরপর আর কোনো দিন এত বেশি বৃষ্টিপাত হয়নি।

এদিকে শনিবার মধ্যরাত থেকে শুরু হওয়া টানা বর্ষণে রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। প্রধান সড়ক থেকে অলিগলি—সবখানেই জমে থাকা পানিতে চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী। জলাবদ্ধতার কারণে যান চলাচল ব্যাহত হওয়ায় অফিসগামী মানুষ, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বিঘ্নিত হয়েছে।

নিউমার্কেট, নীলক্ষেত, আজিমপুর, ধানমন্ডি, মিরপুর, কারওয়ান বাজার, হাতিরপুল, কাঁঠালবাগান, গ্রিন রোড ও লালবাগসহ বিভিন্ন এলাকার সড়ক ও গলিতে হাঁটু থেকে কোথাও কোথাও কোমরসমান পানি জমে যায়। কিছু এলাকায় বাসাবাড়িতেও পানি ঢুকে পড়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

জলাবদ্ধতার কারণে বহু সড়কে যানবাহন ধীরগতিতে চলাচল করেছে। অনেক ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের ইঞ্জিন বন্ধ হয়ে পড়ায় যানজটের সৃষ্টি হয়। অনেক কর্মজীবী মানুষকে পানি মাড়িয়ে কর্মস্থলে যেতে দেখা গেছে। কোথাও কোথাও স্থানীয় ভ্যানচালকেরা অর্থের বিনিময়ে মানুষ পারাপার করেছেন।

রাজধানীর বিভিন্ন এলাকায় পানি নিষ্কাশনে সিটি করপোরেশনের কর্মীরা কাজ করলেও সন্ধ্যা পর্যন্ত অনেক স্থানে জলাবদ্ধতা পুরোপুরি দূর হয়নি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী কয়েক দিন ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।








  এই ক্যাটেগরির আরো সংবাদ