রাজধানীতে সকাল থেকে টানা বর্ষণে নিউমার্কেট এলাকার ১ নম্বর গেটের সামনের সড়ক পুরোপুরি তলিয়ে গেছে। কোমরসমান পানি জমে থাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ শাহনেওয়াজ হলসংলগ্ন এলাকা থেকে নীলক্ষেত মোড় পর্যন্ত চলাচল কার্যত দুর্বিষহ হয়ে উঠেছে। বাধ্য হয়ে পানিবন্দি সড়ক পার হতে সাধারণ মানুষ নিচ্ছেন সাময়িক ভ্যান সার্ভিসের আশ্রয়।
রোববার (১২ জুলাই) দুপুরে সরেজমিনে দেখা যায়, পানির কারণে হেঁটে পার হওয়া অনেকের পক্ষেই সম্ভব হচ্ছে না। এ সুযোগে কয়েকজন ভ্যানচালক জনপ্রতি ১০ টাকা ভাড়ায় যাত্রী পারাপার করছেন। প্রতি ট্রিপে চার থেকে পাঁচজন যাত্রী বহন করতে দেখা গেছে।
এক যাত্রী বলেন, ‘রাস্তায় কোথায় গর্ত, কোথায় ম্যানহোল- কিছুই বোঝা যাচ্ছে না। তাই ঝুঁকি না নিয়ে ভ্যানে পার হচ্ছি।’আরেক যাত্রী রুবেল জানান, ‘হাঁটতে গেলে কোমর পর্যন্ত পানি, কাপড়-ব্যাগ ভিজে যাবে। তাই বাধ্য হয়েই ভ্যানে উঠেছি।’
ভ্যানচালকরা জানান, সাধারণত তারা মালামাল পরিবহন করলেও বৃষ্টিতে সে কাজ বন্ধ থাকায় যাত্রী পারাপার শুরু করেছেন। ভ্যানচালক বাহারুল বলেন, ‘এক ট্রিপে ৪০ থেকে ৫০ টাকা আয় হচ্ছে। আমাদেরও রোজগার হচ্ছে, মানুষেরও উপকার হচ্ছে।’
স্থানীয়রা জানিয়েছেন, নিউমার্কেট-নীলক্ষেত এলাকায় জলাবদ্ধতা নতুন নয়, তবে এবার কয়েক ঘণ্টার মধ্যেই সড়ক তলিয়ে যায়। বৃষ্টি অব্যাহত থাকায় পানি আরও বাড়ার আশঙ্কা করছেন তারা এবং দ্রুত পানি নিষ্কাশনের দাবি জানিয়েছেন।
ডেল্টা টাইমস/সিআর