প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ১:৫৪ পিএম (ভিজিট : ৯)

রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটক বিক্রি করা হবে না বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেন, টেলিটককে আধুনিকায়ন করে প্রতিযোগিতায় সক্ষম করে তোলাই সরকারের লক্ষ্য।
মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে আইসিটি ও টেলিকম বিটের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমরা টেলিটক বিক্রি করব না। টেলিটককে আপগ্রেড করতে চাই। প্রতিযোগিতার বাজারে যেন প্রতিষ্ঠানটি আরও সক্ষম হয়ে উঠতে পারে, সে লক্ষ্যেই কাজ করছি। আর এখনো বেসরকারি মোবাইল অপারেটরগুলোর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক হয়নি। তবে শিগগিরই তাদের সঙ্গে বসা হবে।
মোবাইল ফোন গ্রাহকদের বিভিন্ন অভিযোগ, বিশেষ করে অজান্তে মোবাইল ব্যালেন্স থেকে টাকা কেটে নেওয়া, প্যাকেজের মেয়াদ শেষ হয়ে যাওয়া এবং গ্রাহকসেবার নানা সমস্যা নিয়ে প্রশ্ন উঠলে মন্ত্রী বলেন, এসব বিষয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কাজ করছে। বিটিআরসিতে জমা থাকা অভিযোগগুলো নিয়েও সরকার পর্যালোচনা করছে।
সাংবাদিকরা বলেন, অনেক গ্রাহক অভিযোগ করেন নির্দিষ্ট মূল্যের ইন্টারনেট বা কল প্যাকেজ কিনলেও নির্ধারিত সময়ের মধ্যে ব্যবহার না করলে অব্যবহৃত সুবিধা বাতিল হয়ে যায়। এ বিষয়ে মন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে মোবাইল অপারেটরগুলোর সঙ্গে আলোচনা করবো। তবে তাদেরও নিজস্ব ব্যবসায়িক নীতি রয়েছে। এরপরও সরকার গ্রাহক স্বার্থকে অগ্রাধিকার দিয়ে নিয়ন্ত্রক সংস্থার মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে।
মতবিনিময় সভায় সাংবাদিকেরা অভিযোগ করেন, অতীতে বিটিআরসি নিয়মিত গণশুনানির আয়োজন করলেও এখন তা কার্যত বন্ধ রয়েছে। অনেক ক্ষেত্রে সীমিত পরিসরে অনলাইনে শুনানি অনুষ্ঠিত হলেও গণমাধ্যমের অংশগ্রহণ থাকে না। এ বিষয়ে মন্ত্রী বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন।
মন্ত্রী আরও বলেন, সরকারের বর্তমান অগ্রাধিকার হলো পূর্ববর্তী সময়ের চলমান প্রকল্পগুলো দ্রুত শেষ করা। একইসঙ্গে নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের কাজও এগিয়ে নেওয়া হচ্ছে। অনেক প্রকল্প ২০২৬ সালের মধ্যেই শেষ করার লক্ষ্য নিয়ে কাজ চলছে বলেও জানান তিনি।
সভায় তিনি নগদ, টেলিযোগাযোগ খাত, চলমান বিভিন্ন প্রকল্প, বিদেশ সফর, আন্তর্জাতিক সহযোগিতা, পেপাল, আইসিটি অবকাঠামো, সাইবার নিরাপত্তা এবং গণমাধ্যমের সঙ্গে সমন্বয় নিয়েও কথা বলেন।
ডেল্টা টাইমস/সিআর/এমই