প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১০:০৫ এএম (ভিজিট : ৬)

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, বাংলাদেশের অভিবাসন খাতকে দক্ষতাভিত্তিক, অধিকারভিত্তিক এবং সুশাসননির্ভর ব্যবস্থায় রূপান্তর করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতা আরও বাড়ানোর আহ্বান জানান তিনি।
বাংলাদেশে আইওএম মিশনের নবনিযুক্ত প্রধান ড. লরা নিকোল টম-বন্ড আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।
রোববার (৫ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বৈঠকে প্রতিমন্ত্রী বলেন, নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসনের বৈশ্বিক চুক্তি (জিসিএম) বাস্তবায়নে বাংলাদেশ ‘চ্যাম্পিয়ন কান্ট্রি’ হিসেবে কাজ করছে।
তিনি আরও বলেন, সরকার দক্ষতা উন্নয়ন, যোগ্যতার স্বীকৃতি, অভিবাসী শ্রমিকদের সুরক্ষা, নিয়মিত শ্রম অভিবাসনের সুযোগ সম্প্রসারণ এবং দেশে ফেরা অভিবাসীদের টেকসই পুনঃএকীভূতকরণে বিশেষ গুরুত্ব দিচ্ছে।
শামা ওবায়েদ উল্লেখ করেন, অভিবাসন ব্যবস্থার সুশাসন কাঠামো আরও শক্তিশালী করতে আইওএমের কারিগরি সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি এ সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি আরও জোরদার করার আহ্বান জানান।
আইওএম মিশন প্রধান ড. লরা নিকোল টম-বন্ড বৈঠকে বাংলাদেশের অভিবাসন সুশাসনে অগ্রগতির প্রশংসা করেন এবং সংস্থাটির পক্ষ থেকে সহযোগিতা আরও সম্প্রসারণের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ-আইওএম অংশীদারত্ব আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
ডেল্টা টাইমস/সিআর/এমই