
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৭ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩১ জন।
রবিবার (৫ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ৭ শিশুর মধ্যে কেউই নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা যায়নি।
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৬৪৫টি শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরো ৯৩টি শিশু। অর্থাৎ এই সময়ে হাম ও হামের উপসর্গ মিলিয়ে মোট মৃত্যু হয়েছে ৭৩৮টি শিশুর।
এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০৬টি শিশু হামে আক্রান্ত হয়েছে এবং হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯২৫ জনে। এই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৭৮টি শিশু, আর হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৯০৪টি শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৫ হাজার ৬১৮ জন, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১২ হাজার ৬৩২ জন। এই সময়ে মোট ৮৮ হাজার ৮৪৪ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে, যাদের মধ্যে ৮৫ হাজার ১২২ জন ইতিমধ্যে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছে।