স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত জানিয়েছেন, প্রথমবারের মতো কোনো সরকার প্রতিটি মন্ত্রণালয়কে সমন্বিত করে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে। প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবা নিশ্চিত করতে জাতীয় পর্যায়ে দুটি উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘প্রতিবন্ধী অধিকার ও সেবা সুরক্ষাবিষয়ক আন্তঃমন্ত্রণালয় সমন্বয় ও বাস্তবায়ন কমিটি’র সভা শেষে এসব কথা বলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের চাহিদাগুলোকে অধিকার হিসেবে দেখা হচ্ছে। প্রতিটি সরকারি স্থাপনায় প্রতিবন্ধীদের সুবিধাজনক প্রবেশ এবং টয়লেটের ব্যবস্থা থাকবে। বৈদ্যুতিক যানবাহনে উৎসাহিত করছে সরকার। এসব বাহন প্রতিবন্ধীবান্ধব করা হবে।
চলতি অর্থবছরে অন্তত ২০ থেকে ২৫টি উপজেলায় শিশু স্বর্গ কর্মসূচির মাধ্যমে প্রতিবন্ধী শিশুদের স্বাস্থ্য সেবা দেওয়া হবে বলেও জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেন, ‘বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের বিশেষত্বগুলোকে আমরা তুলে আনতে চাই। রাষ্ট্র এবং নাগরিকের মধ্যে যে অধিকারের চুক্তি, সেটিকেই বাস্তবায়ন করতে চায় সরকার।’