
এক অর্থবছরে প্রবাস আয়ের ক্ষেত্রে নতুন ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশ। সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে দেশে রেকর্ড ৩৫ দশমিক ৫৬ বিলিয়ন (৩ হাজার ৫৫৬ কোটি ২০ লাখ) মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। দেশের ইতিহাসে এক অর্থবছরে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ প্রবাস আয়।
বুধবার (১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ হালনাগাদ তথ্যে এই চিত্র উঠে এসেছে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, আগের অর্থবছরের তুলনায় সদ্য সমাপ্ত অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত মোট ৩৫ হাজার ৫৬২ মিলিয়ন ডলার রেমিট্যান্স দেশে এসেছে, যেখানে আগের ২০২৪-২৫ অর্থবছরে এসেছিল মোট ৩০ হাজার ৩২৯ মিলিয়ন ডলার। সেই হিসাবে গত এক বছরে দেশে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে প্রায় ৫ হাজার ২৩৩ মিলিয়ন মার্কিন ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের বিজ্ঞপ্তি অনুযায়ী, সদ্য সমাপ্ত জুন মাসে দেশে মোট ২ হাজার ৮০৬ মিলিয়ন (২৮০ কোটি ৬০ লাখ) ডলার রেমিট্যান্স এসেছে, যার মধ্যে শুধু ৩০ জুন একদিনেই এসেছে ১২০ মিলিয়ন ডলার। উল্লেখ্য, গত বছরের অর্থাৎ ২০২৪ সালের জুন মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ২ হাজার ৮২৩ মিলিয়ন ডলার—যা এবারের চেয়ে সামান্য বেশি।
সংশ্লিষ্টরা বলছেন, ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় পাঠানোর প্রক্রিয়া সহজ করা, বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে সরকারের বিভিন্ন নীতিগত সুবিধা এবং ডলারের ক্রলিং পেগসহ নানা ইতিবাচক পদক্ষেপের কারণে হুন্ডির বদলে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠানোর প্রবণতা বেড়েছে। এই ধারা অব্যাহত থাকলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ অনেকটাই কমে আসবে বলে মনে করছেন অর্থনীতিবিদেরা।