প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৬:৪৮ পিএম (ভিজিট : ৩৩)

ফাইল ছবি
আগামী ২৮ জুন শুরু হবে বিশ্বকাপের নকআউট পর্ব। তার আগেই টাইব্রেকারের একটি নিয়ম পরিবর্তনের জন্য উঠেপড়ে লেগেছে ফিফা। টুর্নামেন্টের মাঝপথেই সে নিয়ম কার্যকর করতে চায় বিশ্ব ফুটবলের এই নিয়ন্ত্রক সংস্থা।
বর্তমান নিয়ম অনুযায়ী, টাইব্রেকারের আগে দুটি কয়েন টস হয়। প্রথম টসে নির্ধারিত হয়, কোন দল আগে শট নেবে। দ্বিতীয় টসে ঠিক হয়, মাঠের কোন প্রান্তে টাইব্রেকার হবে।
ফিফা এখন এই দুই টসের বদলে একটি টস রাখতে চায়। প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, টসে জেতা দল দুটি বিকল্পের একটিই বেছে নিতে পারবে। তারা হয় আগে শট নেবে, নয়তো নিজেদের সমর্থকদের গ্যালারির সামনে টাইব্রেকার নেয়ার সুযোগ পাবে। অন্য সুবিধাটি পাবে টসে হারা দল।
বর্তমান নিয়মে একটি দল দুই টসই হারতে পারে। সেক্ষেত্রে তারা আগে শট নেয়ার সুযোগও পায় না, আবার নিজেদের সমর্থকদের সামনে টাইব্রেকার নেওয়ার সুযোগ থেকেও বঞ্চিত হয়।
গত মাসে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে এমন পরিস্থিতির মুখে পড়েছিল আর্সেনাল। পিএসজির বিপক্ষে দুই টসেই হেরে যায় ইংলিশ ক্লাবটি। পরে হেরে যায় টাইব্রেকারেও।
এ ধরনের পরিস্থিতি এড়াতেই পরিবর্তনের কথা ভাবছে ফিফা। স্পোর্টস ইলাস্ট্রেটেড জানিয়েছে, এ নিয়ে ইতিমধ্যে ফুটবলের আইন প্রণয়ন সংস্থা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের (আইএফএবি) সঙ্গে আলোচনা করেছে তারা।
ফিফার ধারণা, দুটি সুবিধাই যদি একটি দল পেয়ে যায়, তাহলে প্রতিপক্ষ তুলনামূলকভাবে পিছিয়ে পড়তে পারে। তাই এক টসে জেতা দলকে দুটি সুবিধার মধ্যে একটি বেছে নিতে দেওয়ার প্রস্তাব এসেছে। সবকিছু ঠিক থাকলে আগামী কয়েক দিনের মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
ডেল্টা টাইমস্/আইইউ