হোয়াটসঅ্যাপের নতুন প্রধান হলেন ভারতের কুনাল শাহ

ডেল্টা টাইমস ডেস্ক:

বিজ্ঞান ও প্রযুক্তি

বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা তাদের মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপের নতুন প্রধান হিসেবে ভারতীয় ফিনটেক উদ্যোক্তা কুনাল শাহ-কে

2026-06-23T15:48:16+06:00
2026-06-23T15:48:16+06:00
মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

হোয়াটসঅ্যাপের নতুন প্রধান হলেন ভারতের কুনাল শাহ
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৩:৪৮ পিএম   (ভিজিট : ৪৪)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা তাদের মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপের নতুন প্রধান হিসেবে ভারতীয় ফিনটেক উদ্যোক্তা কুনাল শাহ-কে নিয়োগ দিয়েছে। হোয়াটসঅ্যাপের বিশাল ব্যবহারকারী-ভিত্তিকে আয়ের উৎসে পরিণত করার কৌশলের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সোমবার (২২ জুন) রাতে ঘোষিত এ নিয়োগের সঙ্গে আরও জানানো হয়, মেটা কুনাল শাহ’র প্রতিষ্ঠিত ভোক্তা অর্থায়ন প্রতিষ্ঠান সিআরইডি-তে ৯০ কোটি মার্কিন ডলারের নতুন একটি তহবিল সংগ্রহ পর্বেও নেতৃত্ব দেবে।
 
এক বিবৃতিতে মেটার প্রধান মার্ক জাকারবার্গ বলেন, ‘কুনাল সিআরইডিকে ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ প্রযুক্তি প্রতিষ্ঠানে পরিণত করেছেন। বিশ্বের সবচেয়ে বড় মেসেজিং অ্যাপ পরিচালনার জন্য প্রয়োজনীয় উদ্যোক্তা মানসিকতা ও বৈশ্বিক দৃষ্টিভঙ্গি আছে তার।’
 
ভারতের ফিনটেক খাতের পরিচিত মুখ ও ধারাবাহিক উদ্যোক্তা কুনাল শাহ ২০১৮ সালে সিআরইডি প্রতিষ্ঠা করেন। এর আগে তিনি নিজের একটি পেমেন্টস স্টার্টআপ ভারতীয় ই-কমার্স প্রতিষ্ঠান স্ন্যাপডিল-এর কাছে প্রায় ৪০ কোটি ডলারে বিক্রি করেছিলেন।
 
কুনাল শাহ ভারতের অন্যতম সক্রিয় বিনিয়োগকারী হিসেবেও পরিচিত। স্টার্টআপ জগতে দ্রুত সিদ্ধান্ত নেয়ার জন্য তার সুনাম রয়েছে এবং অনেক ক্ষেত্রে তিনি কয়েক মিনিটের মধ্যেই নতুন উদ্যোগে প্রাথমিক বিনিয়োগের সম্মতি দিয়েছেন বলে ভারতীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। 
 
তবে গত কয়েক বছরে তিনি মূলত সিআরইডিকে সম্প্রসারণের দিকেই মনোযোগ দেন। শুরুতে প্রতিষ্ঠানটি সময়মতো ক্রেডিট কার্ড বিল পরিশোধকারী গ্রাহকদের বিভিন্ন পুরস্কার দিত। পরবর্তীতে এটি সম্পদ ব্যবস্থাপনা, বীমা এবং ঋণসেবাসহ নানা আর্থিক সেবায় সম্প্রসারিত হয়। বর্তমানে সিআরইডি’র ব্যবহারকারী সংখ্যা প্রায় ১ কোটি ৭০ লাখ।
 
বিশ্লেষকদের মতে, এই অভিজ্ঞতা হোয়াটসঅ্যাপের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। কারণ, মেটা এখন তাদের মূল বিজ্ঞাপননির্ভর ব্যবসার বাইরে নতুন আয়ের উৎস খুঁজছে। মেটার মালিকানাধীন অন্যান্য জনপ্রিয় প্ল্যাটফর্মের মধ্যে আছে ফেসবুক ও ইনস্টাগ্রাম।
 
প্রতিবেদন অনুসারে, ভারত হোয়াটসঅ্যাপের ‘সবচেয়ে বড়’ বাজার। ২০২১ সালের সরকারি তথ্য অনুযায়ী, দেশটিতে হোয়াটসঅ্যাপের ব্যবহারকারী সংখ্যা ৫০ কোটিরও বেশি। তবে বিশ্লেষকদের মতে, বিপুল জনপ্রিয়তা থাকা সত্ত্বেও হোয়াটসঅ্যাপ এখনো তেমন সফল কোনো পেমেন্টস প্ল্যাটফর্ম গড়ে তুলতে পারেনি।
 
গত মে মাসে হোয়াটসঅ্যাপ ভারতে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) সেবা চালু করে। এর মাধ্যমে ২৪ ঘণ্টা গ্রাহকদের প্রশ্নের উত্তর দেয়া বা অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের মতো সুবিধা দেয়া সম্ভব হচ্ছে।
 
নতুন দায়িত্ব নিয়ে কুনাল শাহ বলেন, ‘বর্তমানের হোয়াটসঅ্যাপ এবং এর পূর্ণ সম্ভাবনার মধ্যে ব্যবধান এখনও বিশাল।’ প্ল্যাটফর্মটির ভবিষ্যৎ প্রবৃদ্ধির সুযোগ অনেক বড় বলেও ইঙ্গিত দেন তিনি। সূত্র: সিএনএ


ডেল্টা টাইমস্/আইইউ








  এই ক্যাটেগরির আরো সংবাদ