প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ১২:৪১ পিএম (ভিজিট : ৮১)

রাজ্জাক গ্রুপ ও এর চেয়ারম্যান মো. হাবিবুল ইসলাম (বাবলু)-এর বিরুদ্ধে সম্প্রতি আনা অভিযোগকে ‘মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।
বৃহস্পতিবার (০৭ মে) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে রাজ্জাক গ্রুপের হেড অব মার্কেটিং মো. গোলাম ফারুক বলেন, একটি পক্ষ পরিকল্পিতভাবে প্রতিষ্ঠানটির সুনাম ক্ষুণ্ন ও ব্যবসায়িক ক্ষতির চেষ্টা করছে।
লিখিত বক্তব্যে মো. গোলাম ফারুক বলেন, গত ৫ মে ‘স্বপ্ন ট্যুর’-এর মালিক মো. মাসুদুর রশীদসহ কয়েকটি ট্রাভেল এজেন্সি সংবাদ সম্মেলনের মাধ্যমে রাজ্জাক গ্রুপ ও এর চেয়ারম্যানের বিরুদ্ধে যে অভিযোগ তুলেছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আইনজীবীর মাধ্যমে সংগৃহীত ট্রেড লাইসেন্সের কপি অনুযায়ী ‘টিকেট কিংডম’ নামের প্রতিষ্ঠানের মালিক মো. উমায়ের করিম ইফতি। তবে প্রতিষ্ঠানটির কার্যক্রমের সঙ্গে রাজ্জাক গ্রুপ বা এর চেয়ারম্যানের কোনো ধরনের ব্যবসায়িক কিংবা আর্থিক সম্পর্ক নেই বলে দাবি করা হয়।
রাজ্জাক গ্রুপের পক্ষ থেকে আরও বলা হয়, প্রতিষ্ঠার পর থেকে ‘টিকেট কিংডম’-এর সব দায়দায়িত্ব সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও এর মালিক বহন করে আসছেন। এরপরও একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাজ্জাক গ্রুপের সুনাম ক্ষুণ্ন, মানহানি এবং ব্যবসায়িক ক্ষতির লক্ষ্যে ধারাবাহিক অপপ্রচার চালিয়ে যাচ্ছে।
মো. গোলাম ফারুক সাংবাদিক ও সাধারণ জনগণকে বিভ্রান্তিকর তথ্যে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, একই বিষয়ে এর আগেও ঠাকুরগাঁওয়ে সংবাদ সম্মেলন করা হয়েছিল।
সংবাদ সম্মেলনে আরও দাবি করা হয়, রাজ্জাক গ্রুপের চেয়ারম্যান মো. হাবিবুল ইসলাম বাবলুর সঙ্গে অভিযোগকারীদের কোনো আর্থিক লেনদেন নেই। তা সত্ত্বেও পরিকল্পিতভাবে তাঁর ও প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় মানহানির মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানানো হয়।
ডেল্টা টাইমস/সিআর/এমই