জনপ্রিয় অভিনেতা তারিকুজ্জামান মারা গেছেন। দীর্ঘদিন খাদ্যনালির ক্যানসারের সঙ্গে লড়াই করে শুক্রবার (২৪ এপ্রিল) রাত আনুমানিক ৮টার দিকে নিজ বাসায় মারা যান তিনি।
খবরটি নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ডিসেম্বরেই তারিকুজ্জামান তপনের খাদ্যনালিতে ক্যানসার ধরা পড়ে। তখনই রোগটি চতুর্থ পর্যায়ে পৌঁছে যায় বলে জানান চিকিৎসকেরা। এরপর থেকে তিনি চিকিৎসাধীন ছিলেন এবং একাধিক কেমোথেরাপিও গ্রহণ করেন।
অভিনেতার স্ত্রী সাবিনা হেলেন জানান, চিকিৎসার পরও শারীরিক অবস্থার উন্নতি হয়নি। তিনি কিছুই খেতে পারছিলেন না, প্রায়ই বমি হচ্ছিল এবং তীব্র শারীরিক যন্ত্রণায় দিন কাটছিল তার।
চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে পরিবারটি চরম আর্থিক সংকটে পড়ে। সরকারি হাসপাতালে ভর্তির চেষ্টা করা হলেও শয্যা না পাওয়ায় তা সম্ভব হয়নি। অন্যদিকে বেসরকারি হাসপাতালে চিকিৎসা চালিয়ে যাওয়া তাদের পক্ষে কঠিন হয়ে ওঠে।
এই পরিস্থিতিতে পরিবারটি সরকার ও সহকর্মীদের সহযোগিতা কামনা করেছিল। তবে শেষ পর্যন্ত সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে তিনি না ফেরার দেশে চলে যান।
ছোট পর্দা ও চলচ্চিত্রে দীর্ঘদিন কাজের মাধ্যমে পরিচিতি পাওয়া তারিকুজ্জামান তপন বিশেষ করে কমেডি চরিত্রে অভিনয়ের জন্য দর্শকদের কাছে পরিচিত ছিলেন।
ডেল্টা টাইমস্/আইইউ